রাতের অন্ধকারে কলকাতা শহরে লরি চালককে মারধর ও ছিনতাই, দেখুন ভিডিও
ভিনরাজ্যের ট্রাক চালককে মারধর করে ২৫ হাজার টাকা লুঠের অভিযোগ।
কলকাতা শহরের বুকে ফের ছিনতাইয়ের ঘটনা। ভিনরাজ্যের ট্রাক চালককে মারধর করে ২৫ হাজার টাকা লুঠের অভিযোগ। সেইসঙ্গে ছিনিয়ে নেওয়া হয়েছে এটিএম কার্ড, ব্যাঙ্কের পাসবই সহ বহু গুরুত্বপূর্ণ নথি। লরির চালক সোমনাথের দাবি, তিনি লুধিয়ানা থেকে লরিতে করে আইসক্রিমের গাড়ি ডেলিভারি দিতে এসেছিলেন।

মঙ্গলবার রাতে রাজাবাজার এলাকা থেকে একজনকে সঙ্গে করে মালের ডেলিভারি দিতে তিনি ইম বাইপাসের সংলগ্ন কালিকাপুরের অহল্যানগরে পৌঁছন। সোমনাথের দাবি তিনি রাত তিনটে নাগাদ অহল্যানগরে ঢোকেন। সেখানে রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন যুবক মদ্যপান করছিল।
গোডাউনের রাস্তা জিজ্ঞাসা করতেই আচমকা তারা সোমনাথ ও তার সঙ্গীকে মারধর শুরু করে। তার থেকে ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। সেইসঙ্গে এটিএম কার্ড, ব্যাঙ্কের বই ও অন্যান্য সামগ্রীও নিয়ে পালিয়ে যায়।

সোমনাথ নামে লরি চালকের সঙ্গে মালের ডেলিভারি দিতে এসেছিল বিজয়। তিনি জানান, তাঁদের এতটাই মারধর করা হয়েছিল যে একসময়ে মনে হচ্ছিল তাঁরা আর বাঁচবেন না। চিৎকার করে সাহায্য চাইলেও এত রাতে কেউ এগিয়ে আসেনি। সুযোগ পেয়ে পালিয়ে গিয়ে এলাকার একটি হাড়ির পিছনে রাতভর শুয়ে ছিলেন বিজয়। এদিকে মার খেয়ে আহত সোমনাথ গাড়ি ঘুরিয়ে পালিয়ে বাঁচেন।

এই ঘটনায় ওয়ানইন্ডিয়া বাংলার পক্ষ থেকে পূর্ব যাদবপুর থানায় যোগাযোগ করা হয়। তবে থানার তহলদারি পুলিশের চোখে এমন কোনও ঘটনা ধরা পড়েনি বলে জানানো হয়। পরে অবশ্য থানা থেকে একজন ডিউটি অফিসার ঘটনাস্থলে পৌঁছন।

লরি চালক সোমনাথের দাবি, ঘটনায় জড়িতরা সকলেই এলাকার ছেলে। রাতে ঘটনার সময় গলি থেকে এক বৃদ্ধ-বৃদ্ধা বেরিয়ে এসে মদ্যপ যুবকদের ধমকও দেন। কিন্তু তাতেও মারধর থামেনি। সোমনাথকে নিয়ে সকালে পুলিশ ঘটনা পুনর্নিমাণের চেষ্টা করে। তাদের থানায় অভিযোগ দায়ের করতে বলেছে পূর্ব যাদবপুর থানা।












Click it and Unblock the Notifications