RG Kar Hospital: আরজি কর কাণ্ডে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ, চিকিৎসক কুণাল সরকারকে তলব
আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনা নিয়ে একের পর এক ভুল তথ্য সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এরকমই একটি কারণে চিকিৎসক কুণাল সরকারকে তলব করল লালবাজার। ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে নাকি ভুয়ো তথ্য জানিয়েছিলেন তিনি।
সেটা পরে সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ে। চিকিৎসক কুনাল সরকার ছাড়াও তলব করা হয়েছে চিকিৎসক সুবর্ণ গোস্বামীকেও। যদিও কুণাল সরকার জানিয়েছেন তিনি নাও যেতে পারেন। এই নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত তিনি নেননি। আইনি পরামর্শ নিয়ে তিনি সিদ্ধান্ত নেবেন। অন্যদিকে চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়েছেন তিনি তদন্তে সহযোগিতা করবেন।

আরজি কর কাণ্ডে কিছু চিকিৎসক ভুয়ো খবর ছড়াচ্ছেন বলে অভিযোগ কলকাতা পুলিশের। বারবারই কলকাতা পুলিশের পক্ষ থেকে আরজি কর হাসপাতালে চিকিৎসকের মৃত্যুর ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট নিয়ে সতর্ক করা হয়েছিল। চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামী নাকি প্রতিবাদ জানানোর সময় নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করে দিয়েছিলেন। তারপরেই দুই চিকিৎসককে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫ নম্বর ধারা অনুযায়ী নোটিস পাঠানো হয়েছে।
বিকেল ৩টোর মধ্যে তাঁদের লালবাজারে হাজিরা দিতে বলা হয়েছে। চিকিৎসক কুণাল সরকার জানিয়েছেন তিনি আজ অর্থাৎ রবিবার হাজিরা দিতে পারবেন না। আইনজীবীর পরামর্শ নিচ্ছেন তিনি। কলকাতার বাইরে রয়েছেন। আগামীকাল এই নিয়েসিদ্ধান্তের কথা জানাবেন বলে জানিয়েছেন। এদিকে আরেক চিকিৎসক সুবর্ণ গোস্বামী জানিয়ছেন, তদন্তের জন্য তিনি সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। তবে তাঁর বিরুদ্ধে যেটা অভিযোগ করা হচ্ছে সেটা তিনি করেননি। নির্যাতিতার কোনও পরিচয় তিনি প্রকাশ করেননি বলে জানিয়েছেন।
এদিকে এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়েই আবার বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়কেও তলব করেছে লালবাজার। তাঁকেই আজ বিকেল ৩টের মধ্যে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও তদন্তে সহযোগিতা করবেন বলেই জানিয়েছেন বিজেপি নেত্রী। এদিকে আজ ফের সন্দীপ ঘোষকে তলব করে জেরা করছে সিবিআই। পর পর ২ দিন তাঁকে দীর্ঘক্ষণ জেরা করা হয়েছে। গতকাল প্রায় ১৩ ঘণ্টা জেরা করা হয় সন্দীপ ঘোষকে।
আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দু শেখর রায় তাঁকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এমনকী কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলকেও গ্রেফতার করে জেরা করার দাবি জানিয়েছেন তিনি। তার জবাবে আবার কুণাল ঘোষ বলেছেন, এর সঙ্গে দলের কোনও যোগ নেই। পুরোটাই ব্যক্তিগত মত সাংসদের।












Click it and Unblock the Notifications