Arindam Sil: শুটিং চলাকালীনই... আরজি কর কাণ্ডের মধ্যেই তোলপাড় টলিউড, সাসপেন্ড অরিন্দম শীল
Arindam Sil: অরিন্দম শীলকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করল ডিরেক্টরস গিল্ড। বাংলা সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ মুখ তিনি। সম্প্রতি তাঁর বিরুদ্ধেই এক অভিনেত্রী যৌন হেনস্থার অভিযোগ আনেন। যা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। আর এরপরেই এদিন ডিরেক্টরস গিল্ডের তরফে ব্যবস্থা নেওয়া হল। করা হল সাসপেন্ড।
যদিও এই বিষয়ে অরিন্দম শীলের (Arindam Sil) কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে, তিনি গনেশ পুজোয় ব্যস্ত রয়েছেন।অন্যদিকে এই বিষয়ে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদেষ্ণা রায় বলেন, অভিযোগ আসছিল আমাদের কাছে। এই বিষয়ে তদন্ত চালানো হয়।

প্রাথমিকভাবে কিছু প্রমাণ পাওয়া গিয়েছে বলে জানান সুদেষ্ণা রায়। এরপরেই অরিন্দম শীলকে সাসপেন্ড বলে জানা যাচ্ছে। সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ডিরেক্টরস অ্যাসোসিয়েশন। শুধু তাই নয়, সুদেষ্ণা রায় আরও জানিয়েছেন, অভিযোগ থেকে মুক্তি না পাওয়া এই সাসপেনশন বহাল থাকবে।
আরজি কর কাণ্ডে (RG Kar Hospital Doctor Death) তোলপাড় বাংলা। বিচার চেয়ে পথে নামছেন সাধারণ মানুষ। চলছে বিক্ষোভ আন্দোলন। রাত দখল করছে মহিলারা। আর এর মধ্যেই এক অভিনেত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ সামনে আসে এই পরিচালকের বিরুদ্ধে। শুটিং চলাকালীন এই ঘটনা ঘটে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে টলি পাড়ায় তীব্র চাঞ্চল্য তৈরি হয়। বিষয়টিতে হস্তক্ষেপ করে মহিলা কমিশন। ডিরেক্টরস গিল্ডের তরফেও অভিযোগ খতিয়ে দেখা হয়। আর এরপরেই এহেন পদক্ষেপ।
বলে রাখা প্রয়োজন, এই অভিযোগ আসতেই কলকাতা চলচ্চিত্র উত্সব কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অরিন্দম শীলকে। তবে তাঁর বিরদ্ধে এমন অভিযোগ নতুন নয়। আগেও এমন অভিযোগ সামনে আসে। বহু অভিনেত্রী এর আগে শাসক ঘনিষ্ঠ এই পরিচালকের বিরুদ্ধে সরব হয়েছিলেন। মি-টু'র অভিযোগ সামনে এসেছিল। যা নিয়ে কম বিতর্ক হয়নি। এর মধ্যেই ফের একই অভিযোগ টলিউডের এই পরিচালকের।












Click it and Unblock the Notifications