পাহাড় বৈঠকে মমতার পাশে দিলীপ, বিস্ফোরণ-তদন্তে অনাস্থা প্রকাশ
দেরিতে হলেও মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠক ডেকে পাহাড় সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। তাই বিজেপির তরফে রাজ্য সরকারকে সবরকম সাহায্য করা হবে বলে জানান দিলীপ ঘোষ।
পাহাড়ে শান্তি ফেরাতে রাজ্য সরকারকে সর্বতভাবে সাহায্য করবে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'পাহাড়ে অবিলম্বে শান্তি স্থাপন করা দরকার। এ কথা দীর্ঘদিন ধরে বলে আসছে বিজেপি। কেন্দ্রীয় সরকারের তরফে আলোচনায় বসার আর্জিও জানানো হয়েছে। দেরিতে হলেও মুখ্যমন্ত্রী সর্বদল বৈঠক ডেকে পাহাড় সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছেন। তাই বিজেপির তরফে সবরকম সাহায্য করা হবে রাজ্য সরকারকে।'
পাহাড় সমস্যায় রাজ্য সরকারের পাশে থাকার বার্তা দিলেও এদিন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের সমালোচনা করতেও ছাড়লেন না দিলীপ ঘোষ। তিনি বলেন, পাহাড়ে বিস্ফোরণের ঘটনায় তদন্ত করানো উচিত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে। কেননা রাজ্যের উপর কোনও ভরসা করা যায় না। রাজ্যের উপর ভরসা করলে এই ঘটনার প্রকৃত তদন্ত হবে না।

তাঁর কথায়, 'পাহাড় বিস্ফোরণ নিয়ে মুখ্যমন্ত্রী রাজনীতি করছেন। আসল সত্য সামনে আসছে না। মুখ্যমন্ত্রী তাঁর পাহাড় রাজনীতি চরিতার্থ করতেই তদন্ত নির্দিষ্ট দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। তিনি এমনটাই নির্দেশ দিয়েছেন তাঁর প্রশাসনকে। বিমল গুরুংদের নামে ইউএপিএ ধারা জারি করার পিছনেও সেই অভিসন্ধি রয়েছে তাঁর।'
উল্লেখ্য, ২৯ আগস্ট নবান্নে পাহাড় নিয়ে সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের সমস্ত বড় রাজনৈতিক দলকেই ডাকা হয়েছে। সেইসঙ্গে পাহাড়ের দল ও বোর্ডগুলিকেও উপস্থিত থাকার আর্জি জানানো হয়। এদিনই মোর্চার তরফে বৈঠকে যোগ দেওয়ার ব্যাপারে পূর্ণ সম্মতি জানিয়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications