বিজেপির ঐক্যে ফাটল! ‘কোচ’ মুকুলকে ‘একঘরে’ করতে কী বার্তা ‘ক্যাপ্টেন’ দিলীপের
মুকুল রায়কে একাকী লড়ার বার্তা দিয়ে বিজেপি কার্যত রণে ভঙ্গ দিল বিশ্ব বাংলা বিতর্কে। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য ফারাক স্পষ্ট করল বিজেপি একতার ছবিতে।
বিজেপির একতার ছবিটা মিলিয়ে গেল ৪৮ ঘ্টার মধ্যেই। ফের 'কোচ' মুকুল রায়কে একা করে দিলেন 'ক্যাপ্টেন' দিলীপ ঘোষ। ফলে ধর্মতলার রানি রাসমণি অ্যাভিনউয়ের মঞ্চে তৃণমূলের বিরুদ্ধে লড়াইয়ের যে এককাট্টা ছবিটা ফুটে উঠেছিল, মুহূর্তেই তা মিলিয়ে গেল। ফের ভিন্ন ভিন্ন মত পোষণের সংকীর্ণ রাজনীতিতে ফিরল বিজেপি।

শনিবারই দু-দিনের সফরে উত্তরবঙ্গে গিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানে গিয়েই নিজস্ব ভঙ্গিতে সোজা-সাপ্টা জবাব দিলেন তিনি। স্পষ্ট করেই জানিয়ে দিলেন, 'বিশ্ব বাংলায় সংক্রান্ত যাবতীয় অভিযোগ সবটাই মুকুল রায়ের বিষয়। সেই দায় বিজেপি নেবে না। মুকুলদা অভিযোগ করেছেন তৃণমূল বিরুদ্ধে। এটা তাই মুকুলদা আর তৃণমূলের একান্ত বিষয়।'
শুক্রবার ধর্মতলায় বিজেপির মঞ্চ থেকে সদ্য গেরুয়া শিবিরে যোগ দেওয়া্ মুকুল রায় অভিযোগ করেছিলেন, 'বিশ্ব বাংলার সত্ত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে।' এরপরই মুকুল রায়কে আইনি নোটিশ পাঠানোর বার্তা দেন অভিষেক। রাজ্য সরকারও বিশ্ব বাংলার সত্ত্ব রাজ্য সরকারের বলে দাবি করে। এই নিয়ে চাপানউতোরের মধ্যেই দিলীপ ঘোষ জানান, 'বিশ্ব বাংলা সংক্রান্ত যাবতীয় অভিযোগের দায় বিজেপি নেবে না।'
দিলীপবাবু সেইসঙ্গে জানান, 'অভিষেকের বিরুদ্ধে আর্থিক দুর্নীতির আরও অভিযোগ তাঁদের কাছে রয়েছে। সময় হলেই তা প্রকাশ্যে আনা হবে। কিন্তু এখন মুকুল রায় বিশ্ব বাংলা নিয়ে যা বলেছেন, তা মুকুলবাবুরই দায়। কেননা মুকুল রায় দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে ঘর করেছেন। তিনি আরও ভালো মতো বুঝবেন তৃণমূলের কীর্তিকলাপ। এবার তা একে একে ফাঁস হতে বসেছে।'
তবে বিজেপি রাজ্য সভাপতি প্রকারান্তরে স্বীকার করে নিয়েছেন, মুকুল রায়ের তোলা অভিযোগগুলির জেরে বিজেপি নতুন করে উজ্জীবিত হয়েছে। এক সমাবেশেই মুকুল রায় আলোড়ন তুলে দিয়েছেন, তাও স্বীকার করে নিয়েছেন তিনি। কিন্তু বিশ্ব বাংলা নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, সেই লড়াইয়ে মুকুল রায়কে একাকী লড়ার বার্তা দিয়ে বিজেপি কার্যত রণে ভঙ্গ দিল বিশ্ব বাংলা বিতর্কে। বিজেপি রাজ্য সভাপতির এই মন্তব্য ফারাক স্পষ্ট করল বিজেপি একতার ছবিতে।












Click it and Unblock the Notifications