মোদীকে টুইট করেন মমতা, রাজ্যের বেলায় তিনি মৌন কেন, জবাব চাইলেন দিলীপ
কেন্দ্রীয় সরকারের কোনও কাজে পান থেকে চুন খসলেই তো নরেন্দ্র মোদীকে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যে আগুন জ্বলছে, তার বেলায় কোন চুপ তিনি।
কেন্দ্রীয় সরকারের কোনও কাজে পান থেকে চুন খসলেই তো নরেন্দ্র মোদীকে টুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে যে আগুন জ্বলছে, তার বেলায় কোন চুপ তিনি। পঞ্চায়েতের নির্বাচনের মনোনয়ন-পর্বে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে এই ভাষাতেই তোপ দাগলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, পঞ্চায়েতের মনোনয়ন-পর্ব শুরু হতেই রাজ্যজুড়ে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছে। শাসকদল তৃণমূল কংগ্রেস বিরোধী শূন্য পঞ্চায়েতের লক্ষ্যে বিরোধীদের মনোনয়ন দাখিলে বাধা দিচ্ছে। এই অবস্থায় তৃণমূলের তরফে বড় বড় কথা বলছেন পার্থবাবুরা। দলের নেত্রী এখনও চুপ করে রয়েছেন। তিনি কেন চুপ রাজ্যের এই উত্তাল অবস্থায়? প্রশ্ন ছুড়ে দিলেন বিজেপি রাজ্য সভাপতি।
এ প্রসঙ্গেই তিনি বলেন, মুখ্যমন্ত্রী তো কিছু হলেই মোদীকে টুইট করছেন। নিজের রাজ্যের বেলায় কেন চুপ করে থাকবেন। তাঁকে উত্তর দিতে হবে। রায়গঞ্জে প্রকাশ্য রাস্তায় বন্দুক উঁচিয়ে সমাজবিরোধীরা ঘুরছে। মনোনয়ন দাখিল করতে গেলে ভয় দেখাচ্ছে। এসব চলতে পারে না। মুখ্যমন্ত্রী মৌন না থেকে, উত্তর দিন।
দিলীপবাবুর কথায়, প্রতিটি জেলায় জেলায় সন্ত্রাস চলছে। বিরোধীরা মনোনয়নপত্র দাখিল করতে গেলেই তাঁদের উপর হামলা করা হচ্ছে। আমাদের জেলা সম্পাদকের উপর ছুরি চালানো হয়েছে। কারও মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। এসব করছেন তৃণমূলের সমাজবিরোধীরা। এর বিরুদ্ধে মানুষ গর্জে উঠবেন। এবার পঞ্চায়েতেই মানুষ এই সন্ত্রাসের যোগ্য জবাব দেবে। নিরপেক্ষ ভোট হলে হারিয়ে যাবে তৃণমূল।












Click it and Unblock the Notifications