বায়রনের দলবদলকে কটাক্ষ! ভুলেও দরজা খুলবেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হুঁশিয়ারি দিলীপ ঘোষের
ব্যবসায়ীরা তৃণমূলের বিরুদ্ধে যেতে পারে না, তাই বায়রন বিশ্বাস শাসকদলে যোগ দিয়েছেন। পশ্চিম মেদিনীপুরের মোহনপুরে এদিন এমনটাই বলেছেন বিজেপির সর্বযভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি এদিন বায়রন বিশ্বাসকে কটাক্ষ করার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন।
দিলীপ ঘোষ বলেন, যখন তাঁকে কংগ্রেস টিকিট দিয়েছিল, তখন কি তারা জানতো না ওর সম্পর্কে? দিলীপ ঘোষের প্রশ্ন ও কবে কংগ্রেস করেছে? মেদিনীপুরের সাংসদ বলেন, ওর পয়সা আছে, বড় ব্যবসায়ীর ছেলে, তাই টিকিট দিয়েছে।

এদিন দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের না যোগ দিলে ওর ফ্যাক্টরি-ব্যবসা সব বন্ধ হয়ে যাবে। এর আগে বিজেপির অনেক বিধায়ক ওই রকম চলে গিয়েছেন। তৃণমূলের বিরুদ্ধে লড়াই করে কে ব্যবসা করতে পারবে? এর আগে অর্জুন সিং এর মতো দাপুটে নেতা, তার ব্যবসা চটকারখানা সব বন্ধ করে দিচ্ছিল। সেও তৃণমূলে ফিরে যায়।
দিলীপ ঘোষ দাবি করেন, দম একমাত্র বিজেপির আছে। কটাক্ষ করে তিনি বলেন, সিপিএম কংগ্রেস আবার 'আমরা ছোট পরিবার সুখী পরিবার' হয়ে গিয়েছে, আমাদের কোন শাখা নেই। তাঁর দাবি, আসলে সিপিআইএম, কংগ্রেসকে কেউ ভোট দেয়নি, ভোট দিয়েছিল তৃণমূলের বিরুদ্ধে। বিশেষ করে সংখ্যালঘু সমাজ, যারা বারবার প্রতারিত হচ্ছে, তাঁরাই একটা শিক্ষা দিয়েছিল তৃণমূলকে।
তিনি তৃণমূলকে ছোটলোক বলেও আক্রমণ করেন। তিনি বলেন, ছোটলোকদের আবার সৌজন্যবোধ হয় নাকি? তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষা শুনেছেন, এটা সৌজন্যবোধ? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি এবং বিজেপির সম্পর্কে তিনি যেসব কথা বলেন, তা কি সৌজন্যবোধের? আর ওনার নেতা মন্ত্রীদের কথা শুনতে তো গঙ্গায় স্নান করতে হয়।

দিলীপ ঘোষ বলেন, ওরকম সৌজন্যবোধের কথা বলবেন না। কালীঘাটে শান্তিতে থাকুন। এসি রুম থেকে বেরোবেন না, গায়ে রোদ লাগতে পারে। তিনি গড় শালবনিতে মন্ত্রীর গাড়ি ভাঙার অভিযোগ প্রসঙ্গে বলেন, কেউ গাড়ি ভাঙতে দেখল না, হঠাৎ করে ভাঙা গাড়ি ঢুকে গেল? এইসব করে কুড়মি সমাজকে বদনাম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দিলীপ ঘোষ।
সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা দরজা একটু খুলে দিলে বিরোধীদের অনেক বিধায়ক-সংসদ রয়েছে যাঁরা ঢুকে পড়বেন, সৌজন্যতার জন্য আমরা তা করিনি। এ-প্রসঙ্গে দিলীপ ঘোষ কটাক্ষ করে বলেন, ভুলেও দরজা খুলবেন না, তাহলে সব দলে দলে বেরিয়ে পড়বে। গোয়ালে আর কেউ থাকতে চাইছে না।












Click it and Unblock the Notifications