Dilip Ghosh: "একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গেছেন, এই রাজ্যে কেন নয়?" সুপারনিউমেরারি পদ নিয়ে বিস্ফোরক দিলীপ
Dilip Ghosh: নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের নিয়ে মমতার বৈঠকের নিটফল শূন্যই বলে মনে করছেন বিরোধীরা। মঙ্গলবার ইকো পার্কে প্রাতঃভ্রমণ সেরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসকদলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। মঙ্গলবার সুপ্রিম কোর্টে রয়েছে শিক্ষক নিয়োগের সুপারনিউমেরারি পদ সংক্রান্ত মামলার শুনানি। সেনিয়েও এদিন বিস্ফোরক দাবি করলেন দিলীপ।
নেতাজি ইন্ডোরের বৈঠক প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "মমতা কোনও সমাধান করেন না। প্রতিশ্রুতি দেন খালি। শিক্ষকরাও জানতেন মিথ্যে কথা শুনতে যাচ্ছেন। মুখ্যমন্ত্রীর উপর ভরসা রেখেছেন, তাদেরও দোষ নেই। কিন্তু ভরসা রেখেই দুরবস্থা হয়েছে। ইউক্রেন থেকে যে হাজার হাজার মেডিক্যাল পড়ুয়ারা ফিরেছিল, তাদের অভিভাবক-সহ ডেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি দেখে নেব। তারা আজ কোথায়? মমতা ব্যানার্জি কী করেছেন তাদের জন্য?"

দিলীপের দাবি, মমতা যদি সত্যিই চাকরি বাঁচাতে চাইতেন, তাহলে যোগ্য অযোগ্য তালিকা দিয়ে দিতেন। বিজেপি নেতার স্পষ্ট মন্তব্য, "ওনার পার্টির লোকেরা টাকা নিয়েছে, দায় ওদেরই। ৫ বছর ধরে চাকরিপ্রার্থীরা রোদে জলে বসে আছে। কেউ প্যারাটিচার, পার্ট টাইম। তাদের সঙ্গে মমতা ব্যানার্জির সরকারের কেউ দেখাও করেন না। কিছু হলেই টাস্ক ফোর্স গঠন করা মমতার ফ্যাশন। তার কোনও রেজাল্ট আসে না। কোনও সমাধান হয় না।"
সুপারনিউমেরারি পদ তৈরির কেলেঙ্কারিতে মন্ত্রিসভার সকলে যুক্ত বলে দাবি দিলীপের। এমনকী শিক্ষামন্ত্রী, শিক্ষাসচিব ও মুখ্যমন্ত্রীও জড়িত বলে অভিযোগ তাঁর। দিলীপ বলেন, "এধরনের মামলায় একাধিক রাজ্যে মুখ্যমন্ত্রী জেলে গেছেন, পশ্চিমবঙ্গে কেন যাবেন না? মুখ্যমন্ত্রীর দল, পরিবার, সরকার ফায়দা লুটেছে। সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। অন্য রাজ্যের উদাহরণ টেনে এনে কি চুরির অধিকার পেয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী?"
প্রসঙ্গত, নেতাজি ইন্ডোরে চাকরিহারা শিক্ষকদের আপাতত স্বেচ্ছা শ্রম দেওয়ার পক্ষে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়েও মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ দিলীপের। বিজেপি নেতা বলেন, "এতদিন চপ মুড়ির দোকান খুলুন বলতেন, এখন বললেন ভলান্টিয়ারি সার্ভিস দিন। আপনি তো বলে দিয়ে খালাস। তারা কীকরে পরিবারকে পালন করবে? এখনও মিথ্যে কথা বলছেন। শিক্ষকরা কতদিন আর মমতার এই ঢপের চপ শুনবেন জানি না।"
হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির পরামর্শ মেনে কমিটি গড়ার পক্ষেই সওয়াল দিলীপেরও। কোর্টের নির্দেশ মেনে সমাধান হোক চান তিনি। বিরাট বড় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ দিলীপের। তিনি বলেন, "আরজি করের কেস যেমন রিওপেন হয়েছে, তেমন ২৬ হাজার শিক্ষকের কেসও সুপ্রিম কোর্টে ফের শোনা উচিত। লড়াইটা বিকাশবাবু আর সরকারের মধ্যে হয়ে গিয়েছে। শিক্ষকদের কথা শোনাই হয়নি।"












Click it and Unblock the Notifications