ডায়মন্ড হারবারের ভোট প্রহসন? অভিষেককে পার্টি করে মামলা করলেন বিজেপি প্রার্থী অভিজিৎ দাস
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে ভোট হয়নি। বরং প্রহসন হয়েছে। ভোট লুটের মাধ্যমে জয়ী হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধীরা একযোগে এই অভিযোগ বারবার করেছে। এবার সেই অভিযোগের ভিত্তিতেই আদালতে মামলা দায়ের হল। ডায়মন্ড হারবার কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস এই মামলা দায়ের করেছেন।
ডায়মন্ড হারবারের লোকসভা নির্বাচন নিয়ে একাধিক অভিযোগে মামলা দায়ের। নির্বাচনী ফলাফলকে চ্যালেঞ্জ করে ইলেকশন পিটিশন বা নির্বাচনী মামলা করলেন অভিজিৎ দাস ববি। এই মামলায় পার্টি করা হয়েছে জয়ী প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। একই সঙ্গে মামলা করছেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী আলোক কান্ডারী।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সাত লক্ষ দশ হাজার ভোট পেয়ে জিতেছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে তৃতীয় বার তিনি সাংসদ হয়েছেন। ভোটের দিন বিভিন্ন জায়গা থেকে হিংসার খবর আসে। অনেক জায়গায় বিজেপির এজেন্টদের বসতে দেওয়া হয়নি। তৃণমূল কর্মী সমর্থকরা দেদারে ছাপ্পা দিয়েছেন। এই অভিযোগও আসে।
বিজেপি প্রার্থী অভিজিৎ দাস বিভিন্ন কেন্দ্রে গিয়েছিলেন। কিন্তু বহু জায়গায় ঢুকতেই দেওয়া হয়নি তাঁকে। বিক্ষোভের মুখে পড়ে তিনি সেই জায়গা ছেড়ে চলে যান। নিজের ভোট পর্যন্ত সেদিন দিতে পারেননি বিজেপি প্রার্থী। ডায়মন্ড হারবারে ভোট হয়নি। বরং লুট হয়েছে। এ কথা সেদিন বলেছিলেন বিজেপি প্রার্থী।
রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও ডায়মন্ড হারবারের ভোট নিয়ে আক্রমণাত্মক মন্তব্য করেন। কেউ যদি মামলা করতে চান তাহলে তিনি পাশে থাকবেন। জোর গলায় এই কথাও জানিয়েছেন শুভেন্দু। অভিজিৎ দাস মামলা কি করবেন? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তিনি নিজেও আদালতে যাওয়ার বিষয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন। শেষ পর্যন্ত এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হল।












Click it and Unblock the Notifications