চিন-শিকাগোর পর দিল্লি, ‘হ্যাটট্রিক’ মুখ্যমন্ত্রীর! অনুষ্ঠান বাতিলেও যাত্রা ‘শুভ’ মমতার
দিল্লির খ্যাতনামা সেন্ট স্টিফেন্স কলেজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রোটোকল মেনেই কর্মসূচি বাতিল করেছেন তাঁরা।
প্রকৃত অর্থেই সফর বাতিলের হ্যাটট্রিক হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। আরও স্পষ্ট করে বললে বলতে হয়, মুখ্যমন্ত্রীর সফরের অনুষ্ঠানই বাতিল হল। প্রথমে চিন, তারপর শিকাগো আর এবার দিল্লি। দিল্লির খ্যাতনামা সেন্ট স্টিফেন্স কলেজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে প্রোটোকল মেনেই কর্মসূচি বাতিল করেছেন তাঁরা।

আগামী ১ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লির কলেজে অনুষ্ঠানে যোগ দেওয়া কথা ছিল। সেইমতো তিনি দিল্লি সফর সূচি নির্ধারিত করেছিলেন। এই সফরে তাঁর সোনিয়া গান্ধীর সঙ্গেও বৈঠক নির্ধারিত ছিল। এখন মুখ্যমন্ত্রী অনুষ্ঠান বাতিল হলেও দিল্লি সফরে যাবেন। তিনি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। সংসদ ভবনেও যাবেন তিনি।
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন সফর বাতিল হয়ে যায় চিন সরকার বৈঠক নিয়ে নিশ্চয়তা দিতে না পারায়। তারপর ২৪ জুন শিকাগো সফর বাতিল বলে ঘোষণা করা হয়। শিকাগোয় ২৬ অগাস্ট এক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। স্বামী বিবেকানন্দর শিকাগো বক্তৃতার ১২৫ বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নেয় আয়োজক রামকৃষ্ণ মিশন।
শিকাগোর বিবেকানন্দ বেদান্ত সোসাইটির তরফে জানানো হয়, রামকৃষ্ণ মিশনের সহ-সাধারণ সম্পাদক স্বামী অভিরামানন্দের আকস্মিক মৃত্যু ও বেশ কিছু অসুবিধার কারণে অনুষ্ঠানটি বাতিল করা হয়। এরপর দিল্লি সফরের অনুষ্ঠানও বাতিল করে দেওয়া হল। যদিও এই অনুষ্ঠান বাতিলের ফলে তাঁর দিল্লি সফর বন্ধ হচ্ছে না।












Click it and Unblock the Notifications