Calcutta High Court: বিজেপির বনধ বেআইনি, হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের
বিজেপির ডাকা ১২ ঘণ্টা বাংলা বন্ধের বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের কলকাতা হাই কোর্টে।আজ বুধবার জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে।
মঙ্গলবার হাই কোর্টের দ্বারস্থ হন আইনজীবী অগ্নিশ বসু। মামলায় আইনজীবীর আবেদন, এই বনধ কে বেআইনি ঘোষণা করে তা বাতিলের নির্দেশ দিক হাই কোর্ট। একই সঙ্গে তাঁর দাবি, একটি বন্ধের জেরে জনমানসে তার প্রভাব পড়ে। বহু মানুষের রুটিরুজিতে প্রভাব পড়বে।

একদিকে যেমন বিজেপির তরফে বন্ধ ডাকা হয়েছে তেমন রাজ্যের তরফে বিজ্ঞপ্তি জারি করে সরকারি কর্মীদের অফিসে হাজির হওয়া নিশ্চিত করতে বলা হয়েছে। এতে সাধারণ মানুষ বিপাকে পড়বে। তাই মানুষের স্বার্থে বন্ধ বাতিল করা হোক।
এদিকে সকাল থেকে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে গোটা রাজ্যে। বিজেপি নেতা কর্মীরা বনধ সফল করতে একাধিক জয়গায় বিক্ষোভ দেখাচ্ছেন। পিকেটিংও করছেন বিজেপি কর্মীরা। শিয়ালদহ কোলে মার্কেটে সকালে পৌঁছে গিয়েছিলেন বিজেপি নেতা সজল ঘোষ। তিনি সেখানকার দোকানিদের বাজার বন্ধ করার অনুরোধ করেন। তাঁকে প্রতিরোধ করেন তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা। সজল ঘোষ এবং বিজেপি নেতা কর্মীদের সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের তুমুল ধস্তাধস্তি এবং বিতণ্ডা তৈরি হয়। পরিস্থিতি সামাল গিতে পুলিশ প্রায় সজল ঘোষকে এসকর্ট করে সেখান থেকে তুলে নিয়ে যাওয়া হয়। তুমুল উত্তেজনা তৈরি হয়েছে শিয়ালদহ কোলে মার্কেটে।
বিজেপি মহিলা কর্মীরা পুলিশের কাছ থেকে সজল ঘোষকে ছাড়িয়ে নিয়ে গিয়ে লেবুতলা পার্কে একটি বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে। পুলিশকে কিছুতেই সেখানে ঢুকতে দেওয়া হবে না বলে হুঙ্কার দিয়েছেন বিজেপির মহিলা কর্মীরা।












Click it and Unblock the Notifications