DA আন্দোলনকারীদের মিছিলের পাল্টা সভা মমতার পাড়ায়! তৃণমূলপন্থী সরকারি কর্মী সংগঠনের বড় পরিকল্পনা
আদালতের নির্দেশে হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করেছিলেন ডিএ-র দাবি করা সরকারি কর্মীরা। মিছিলের কারণে কার্যত অচল হয়ে গিয়েছিল গোটা চত্বর। এবার তৃণমূল পন্থী সরকারি কর্মীদের সভা হতে চলেছে হাজরা মোড়ে। সেই সভায় নিয়ে বড় পরিকল্পনা করেছে তৃণমূলপন্থী সরকারি কর্মী ফেডারেশন।
না কোনও সরকারি কাজের দিন নয়, ৩ জুন শনিবার সেই সভা হতে চলেছে হাজরায়। সেই সভায় উপস্থিত থাকার কথা রয়েছে রাজ্যের ছয় মন্ত্রীর। থাকবেন রাজ্য তৃণমূলে সভাপতি সুব্রত বক্সী। বিরোধী সংগঠনগুলিকে জবাব দিতেই এই সভা বলে জানা গিয়েছে।

রাজ্যে যে ছয় মন্ত্রী ৩ জুনের সভায় উপস্থিত থাকতে চলেছেন, তাঁরা হলেন, কলকাতার মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য, ব্রাত্য বসু, অরূপ বিশ্বাস, শশী পাঁজা এবং তৃণমূল কর্মী সংগঠনের চেয়ারম্যান তথা রাজ্যের অপর মন্ত্রী মানস ভুঁইঞা।
ডিএ-র দাবিতে আন্দোালনরত সরকারি কর্মীরা তাঁদের আন্দোলনের জায়গা হিসেবে মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাড়াকে বেছে নিয়েছিলেন। তৃণমূলপন্থী সরকারি কর্মীদের কর্মসূচি তারই পাল্টা বলে জানা গিয়েছে। তবে এব্যাপারে তৃণমূলপন্থী কোনও সংগঠন এব্যাপারে কিছু বলতে রাজি হয়নি।
গত ৬ মে ডিএ নিয়ে আন্দোলনরত সরকারি কর্মীদের যৌথ সংগ্রামী মঞ্চ হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিল করে সভা করেছিলেন। সেই মিছিল গিয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি শান্তি নিকেতনের সামনে দিয়ে। যৌথ সংগ্রামী মঞ্চের সভায় সিপিআইএম, কংগ্রেস কিংবা বিজেপি সব দলের নেতারাই হাজির ছিলেন।

যৌথ সংগ্রামী মঞ্চের কর্মসূচি নিয়ে আপত্তি ছিল তৃণমূল কংগ্রেসের। তবে সেখানে আদালতের নির্দেশ থাকায় তারা কিছু করতে পারেনি। এবার তৃণমূলপন্থী সরকারি কর্মীদের দিয়ে সভা করে তারই জবাব দিতে চাইছে শাসক দল। কেননা যেখানে ডিএ-র দাবিতে যৌথ সংগ্রামী মঞ্চ মিছিল করে, তা ছিল মুখ্যমন্ত্রীর নির্বাচনী ক্ষেত্র ভবানীপুরের মধ্যে মধ্যে।
৩ জুন তৃণমূলপন্থী সরকারি কর্মচারীদের কর্মসূচি নিয়ে কর্মী সংগঠনের নেতারা বলেছেন, তারা যে সরকারের পাশে রয়েছেন, তা জানান দিতেই ওই কর্মসূচি। তাহলে কি ওইসব কর্মীদের ডিএ-র দরকার নেই, সেই প্রশ্নের উত্তর অবশ্য সরাসরি দিতে চাননি তৃণূলপন্থী সরকারি কর্মী সংগঠনের নেতারা।












Click it and Unblock the Notifications