ঘনিয়ে আসছে দুর্যোগ, ভয়াল রেমাল আসছে, শালিমারে বাঁধা হল ট্রেনের চাকা
সময় যত ঘনিয়ে নামছে, অন্ধকার বাড়ছে। মাঝেমধ্যেই বৃষ্টির তেজ বাড়ছে। ঝোড়ো হাওয়া বইছে রবিবার দুপুর থেকেই। বিপদ যে কোনও সময় আসতে পারে। কালবিলম্ব করলেন না রেলের কর্মীরা। আস্ত ট্রেন বেঁধে রাখা হল লোহার শিকলে।
হ্যাঁ, এটাই সত্য। হাওড়ার শালিমার রেল ইয়ার্ডে আস্ত ট্রেনের বগি বেঁধে রাখা হয়েছে। লোহার শিকল দিয়ে বাঁধা হল ট্রেনের চাকা। সাইক্লোনের সতর্কতায় বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে হাওড়া ডিভিশনে। আর রেল ইয়ার্ডে আপদকালীনভাবে এই পদক্ষেপ নেওয়া হল।

আয়লা এবং আম্ফান ঝড়ে ক্ষতি হয়েছিল বহু ট্রেনের। আম্ফানের সময়ে ঝড়ের দাপটে বিভিন্ন ঘটনা ঘটেছিল। রেল ইয়ার্ডে ক্ষয়ক্ষতি হয়। অতীত থেকে শিক্ষা নিয়েছে হাওড়ার রেল ডিভিশন। এবারও কলকাতায় রেমালের দাপটে সর্বোচ্চ ৯০ কিলোমিটার বেগে ঝড় হবে। ঘূর্ণিঝড়ের বেগে রেললাইন থেকে ট্রেন গড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রেলের বগি অন্য লাইনে উঠে যাওয়ার আশঙ্কা থাকে। তাই একাধিক ব্যবস্থা নিয়েছে রেল কর্তৃপক্ষ।
বেলা বাড়তেই রেলের কর্মীরা চলে আসেন রেল ইয়ার্ডে। দক্ষিণ-পূর্ব রেলের শালিমারে দূরপাল্লার ট্রেন লোহার জক এবং চেন তালা দিয়ে বাঁধা হল। লোহার বেড়ি পরানো হল ট্রেনের চাকায়। ঘূর্ণিঝড় রেমাল পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বড় প্রভাব ফেলবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।
উপকূলবর্তী জেলায় লাল সতর্কতা রয়েছে। আগামী কাল দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মাঝারি থেকে ভারী অতি ভারী বৃষ্টির কথা বলা হয়েছে। সে কারণেই একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল হয়েছে। পূর্ব মেদিনীপুর জেলায় অতি ভারী বৃষ্টি ও ঝড় হবে। ফলে ওই লাইনের বহু লোকাল ও দূরপাল্লা ট্রেন বাতিল।












Click it and Unblock the Notifications