Cyclone Mocha: সাইক্লোন মোখা নিয়ে সতর্ক কলকাতা পুলিশ, খোলা হচ্ছে ‘ইউনিফায়েড কমান্ড সেন্টার'
Cyclone Mocha: আগামী ২৪ ঘন্টায় বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণাবর্ত। আর তা আগামী ৮ কিংবা ৯ তারিখের মধ্যেই সাইক্লোনে পরিণত হতে পারে। তবে সাইক্লোন মোখা ঠিক কোন দিনে ধেয়ে যাবে তা এখনও স্পষ্ট নয়। তবে ইতিমধ্যে সতর্ক বাংলা।
পরিস্থিতি পর্যালোচনা করে ইতিমধ্যে নবান্নের তরফে একটি বৈঠকও করা হয়েছে। বিশেষ করে বাংলার উপকূল এলাকাগুলি নিয়ে বিশেষ সতর্ক রাজ্য প্রশাসন। আম্ফান কিংবা ফনি আছড়ে পড়ার যেভাবে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে আগেভাগেই মোখা নিয়ে সতর্ক থাকতে চাইছে।

আর তাই কলকাতা পুলিশের তরফেও একটি বৈঠক করা হয়েছে। আগাম সতর্কতা হিসাবে লালবাজারের তরফে ওই বৈঠক করা হয়েছে। যদি ঝড় ধেয়ে আসে তাহলে কীভাবে বিপর্যয় মোকাবিলা সম্ভব? আর তাই আগেভাগেই 'ইউনিফায়েড কমান্ড সেন্টার' খুলছে কলকাতা পুলিশ।
আজ শনিবার থেকেই এইও সেন্টার খুলে যাচ্ছে বলে জানা গিয়েছে। এই কেন্দ্রে কলকাতা পুলিশের যেমন প্রতিনিধিরা থাকবেন তেমন ভাবেই এনডিআরএফ, দমকল, কলকাতা পুরসভা, সিইএসসি, কেএমডিএ'য়ের আধিকারিকরা সেখানে থাকবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রতিনিধিরা ওই কেন্দ্রে থাকবেন বলে জানা গিয়েছে।
যদি ঝড় আছড়ে পড়ে তাহলে যাতে আলোচনার ভিত্তিতে এবং সমন্বয় রেখে কাজ চালানো যায় সেজন্যেই এই ব্যবস্থা বলেই মনে করা হছে। ইতিমধ্যে সমস্ত ট্র্যাফিক গার্ড এবং বিভিন্ন থানাকেও সতর্ক করা হয়েছে। গাছ কাটার যন্ত্র থেকে শুরু করে সমস্ত পরিস্থিতির জন্যে তৈরি থাকার কথা বলা হয়েছে।

পাশাপাশি বিপদজনক বাড়িগুলির দিকেও যাতে নজর থাকে সে বিষয়েও বার্তা দেওয়া হয়েছে। প্রয়োজনে বাড়ির সদস্যের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। অন্যদিকে বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও তৈরি থাকতে বলা হয়েছে। কলকাতা পুলিশের তরফে বাহিনী সর্বত্র ছড়িয়ে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৯ টি ডিভিশন প্রত্যেকটি জায়গাতেই বিপর্যয় দল থাকবে বলে খবর। অন্যদিকে থানাগুলিকে নিজেদের এলাকার সিইএসসি এবং পুরসভার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রাখতে বলা হয়েছে। অন্যদিকে কলকাতা পুরসভার তরফেও সম্প্রতি একটি বৈঠক হয়েছে।

সেখানেও ঝড় নিয়ে আগাম একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে ঝড় মোখা নিয়ে চার রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়েছে মৌসম ভবন। ঘূর্ণিঝড় তৈরির আগেই তৈরি থাকতে বলা হল রাজ্য প্রশাসনকে। আর সেই চার রাজ্যের তালিকাতে বাংলাও আছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications