CV Ananda Bose: অভিষেকের সঙ্গে ২০ মিনিটের বৈঠক, আজই দিল্লি যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস
অবশেষে সম্পন্ন হল রাজ্যপালের সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সাক্ষাৎ। ২০ মিনিটের বৈঠকে কী এমন ঘটল যে তার পরেই দিল্লি ছুটতে হচ্ছে রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। আজ সন্ধের বিমানেই তিনি দিল্লি উড়ে যাচ্ছে। ১০০ দিনের বকেয়া কাজের টাকা নিয়ে রাজ্যপালের কাছে দাবি দাওয়া আদায়ে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
গত ১ অক্টোবর দিল্লিতে ১০০ দিনের কাজের বকেয়া টাকা আদায়ে দিল্লিতে ধর্না দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে প্রবল পুলিশের বাধার মুখে পড়তে হয়েছিল তাঁদের। প্রথমদিন রাজঘাট থেকে রীতিমতো বলপ্রয়োগ করে তাঁদের উঠিয়ে দেওয়া হয়।

পরের দিন দিল্লির যন্তরমন্তরে ৫০ জন সাংসদ বিধায়ক এবং তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে ধর্না দেন তিনি। বিকেলে কৃষি ভবনে মন্ত্রীর সঙ্গে দেখা করার কথা ছিল তাঁদের। কিন্তু মন্ত্রী তাঁদের কথা দিয়েও দেখা করেননি। প্রতিবাদে কৃষি ভবনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন তিনি এবং তাঁর দলের সাংসদ বিধায়করা। সেখান থেকে জোর করে তাঁদের আটক করে দিল্লির পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়।
সেদিনই ১ লক্ষ লোক নিয়ে রাজভবন অভিযানের ডাক দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু ৫ তারিখ রাজ্যপাল উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি দেখতে চলে গিয়েছিলেন। সেখান থেকে আবার দিল্লি উড়ে যান তিনি। রাজ্যপালের সঙ্গে বৈঠক না করা পর্যন্ত তিনি রাজভবনের সামনে বিক্ষোভ চালিয়ে যাবেন বলে জানান। সেই ৫ তারিখ রাত থেকে লাগাতার রাজভবনের সামনে অবস্থান বিক্ষোভ জারি রেখেছিলেন তিনি।
আজ ৯ তারিখ অবশেষে রাজ্যপাল তাঁদের সঙ্গে দেখা করেন। বিকেল সাড়ে চারটে নাগাদ রাজ্যপাল তাঁদের সঙ্গে ২০ মিনিট বৈঠক করেছেন বলে জানা গিয়েছে। তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় জানিয়েছেন তাঁদের সঙ্গে ভাল ব্যবহার করেছেন রাজ্যপাল। তবে বৈঠকে কি আলোচনা হয়েছে তা নিয়ে কোনও কথা তিনি বলতে চাননি। তারপরেই শোনা যায় রাজ্যপাল দিল্লি উড়ে যাচ্ছেন।












Click it and Unblock the Notifications