ডিগ্রি নিয়ে অসততা অভিষেকের! চাঞ্চল্যকর অভিযোগ সিপিএম-এর
নিজের ডিগ্রি নিয়ে অসততার নজির রেখেছেন ডায়মন্ডহারবারের বিদায়ী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত এমনটাই অভিযোগ তুলল সিপিএম।
নিজের ডিগ্রি নিয়ে অসততার নজির রেখেছেন ডায়মন্ডহারবারের বিদায়ী তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কার্যত এমনটাই অভিযোগ তুলল সিপিএম। এছাড়াও গতবারের থেকে এবারের জমা দেওয়া হলফনামায় বিস্তর ফারাক রয়েছে বলেও অভিযোগ করেছে তারা। সাংবাদিক সম্মেলন করে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, হফনামায় দেওয়া তথ্য গোপন করেছেন তিনি।

অভিষেকের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন
সুজন চক্রবর্তী বলেছেন, অভিষেক নিজের দেওয়া হলফনামায় বলেছেন, আইআইপিএম থেকে তিনি এমবিএ করেছেন। তাঁর দাবি, ২০০৮ সালে আইআইপিএম দিল্লি হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল তারা কোনও ডিগ্রি দেয় না। এর জেরে ২০১৪ সালে হাইকোর্ট আইআইপিএমকে জরিমানার নির্দেশ দেয় বলে জানিয়েছেন তিনি। এরপরও সেই ডিগ্রিকে ব্যবহার অসততার সামিল বলে মন্তব্য করেছেন তিনি।

হলফনামায় ফারাক
সুজন চক্রবর্তী দাবি করেন, অভিষেক হলফনামায় বলেছেন, তাঁর কোনও বাড়ি নেই। কিন্তু সিইএসসি-তে সিকিওরিটি ডিপোজিট জমা দেওয়ার কথা জানিয়েছেন। সুজন চক্রবর্তীর প্রশ্ন, যদি বাড়িই না থাকে, তাহলে তিনি সিকিওরিটি ডিপোজিট জমা দিলেন কী ভাবে।

স্ত্রীর পাসপোর্ট নিয়ে প্রশ্ন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রীর থাইল্যান্ডের পাসপোর্ট নিয়েও প্রশ্ন তুলেছেন সুজন চক্রবর্তী। বারুইপুরে দলের দক্ষিণ ২৪ পরগনা জেলা কার্যালয়ে তাঁর প্রশ্ন, থাইল্যান্ডের পাসপোর্ট থাকলে, সেখানে নিশ্চয়ই সম্পত্তি থাকবে। কিন্তু হলফনামায় তার কোনও উল্লেখ নেই বলে মন্তব্য করেছেন তিনি।












Click it and Unblock the Notifications