এবার স্বাস্থ্য দফতরেও দুর্নীতির অভিযোগ! আরটিআই শুভেন্দু অধিকারীর
শিক্ষা, খাদ্যের পর কি স্বাস্থ্যেও দুর্নীতি? তেমনই অভিযোগ করে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই ইস্যুকেই এবার সামনে আনতে চাইছেন বিরোধী দলনেতা। আরটিআই করেছেন তিনি। দুই পাতার একটি চিঠি তিনি পাঠিয়েছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে এই চিঠি পাঠানো হয়েছে।
স্বাস্থ্য দফতরও ঘুঘুর বাসা। সেখানেও তৃণমূল জমানায় একাধিক দুর্নীতি হয়েছে বলে বিজেপি অভিযোগ। সেই অভিযোগ নিয়ে সরব হয়েছেন খোদ রাজ্যের বিরোধী দলনেতা। বেশ কয়েক বার এই নিয়ে তিনি সাম্প্রতিক সময়ে অভিযোগও সামনে আনছিলেন। এবার তিনিই তথ্য জানতে চাইলেন। একাধিক প্রশ্ন ওই দুই পাতার চিঠিতে তিনি করেছেন।

চিকিৎসক, নার্সদের নিয়োগ নিয়ে বিভিন্ন সময় অভিযোগ ওঠে। চিকিৎসকদের বদলি নিয়েও একাধিক অভিযোগ মাঝেমধ্যেই শোনা যায়। বদলির ক্ষেত্রে মোটা টাকা দেওয়ার ঘটনার অভিযোগও আছে। এইসব কিছুকেই এবার হাতিয়ার করেছেন শুভেন্দু অধিকারী।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগকে চিঠি দিয়ে বিভিন্ন বিষয়ে জানতে চান বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী নিজেই এক্স হ্যান্ডেলে এই চিঠির প্রতিলিপি তুলে দিয়েছেন। চিঠিতে সাতটি প্রশ্ন করা হয়েছে। ২০১১ সাল থেকে রাজ্যে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছে। তৃণমূল জমানার শুরু থেকে এখনও পর্যন্ত কত নিয়োগ হয়েছে রাজ্যের স্বাস্থ্য বিভাগে?
স্বাস্থ্যের কোন বিভাগে কোন কোন পদে কত চিকিৎসক, নার্স ও অন্যান্য সব স্বাস্থ্যকর্মী নিয়োগ হয়েছে? কর্মী নিয়োগের পর তাদের পোস্টিং কোথায় কোথায় হয়েছে? এই প্রশ্ন শুভেন্দু অধিকারী করেছেন। বদলি ঘিরেও একাধিক অভিযোগ মাঝেমধ্যেই সামনে আসে। সেই বিষয়েও প্রশ্ন করেছেন তিনি।
গত ১২ বছরে কত জন চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীর বদলি হয়েছে? এই সময়ের মধ্যে কত জনের বদলির আবেদন গৃহীত হয়নি। এই প্রশ্নও আছে ওই চিঠিতে। এর আগে বিরোধী দলনেতা অভিযোগ করেছিলেন, করোনা অতিমারীর সময় রাজ্য সরকার টিক নিয়েও দুর্নীতি করেছে। কেন্দ্রের পাঠানো করোনা টিকা নিয়েও দুর্নীতি হয়েছে বলে অভিযোগ।
যদিও সেইসব অভিযোগকে রাজ্যের শাসক দল গায়ে মাখতে চায়নি। এখন প্রশ্ন হল, এই আরটিআইয়েত জবাব কি দেবে রাজ্য সরকার? না কী নতুন করে শুরু হবে রাজনৈতিক চাপানউতোড়।












Click it and Unblock the Notifications