করোনার বাজারে মাংস ছেড়ে দই-মিষ্টি খাচ্ছে চিড়িয়াখানার বাঘ-সিংহরা
করোনা আতঙ্ক এবার থাবা বসিয়েছে কলকাতার আলিপুর চিড়িয়াখানাতেও। যার জেরে খাবারে পরিবর্তন আনা হয়েছে চিড়িয়াখানার বাঘ, সিংহ থেকে অন্যান্য প্রাণীদেরও। রসনার শেষ পাতে তৃপ্তি আনতে এখন রোজই বাঘ সিংহদের পাতে পড়ছে দই মিষ্টি। প্রাণভরে তারা তা খাচ্ছেও।

কিন্তু রহস্যটা কি? সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার, আর পশুরাজ হঠাৎ সন্ন্যাসী হয়ে গেল নাকি ? রহস্যের সত্য উদ্ঘাটন করে আলিপুর চিড়িয়াখানার অধিকর্তা আশিস সামন্ত জানান, 'নিউ ইয়র্কের চিড়িয়াখানার এক বাঘিনী করোনায় আক্রান্ত হওয়ার পর দেশের সমস্ত চিড়িয়াখানায় করোনা সতর্কতা জারি হয়েছে। আমরাও তাই সতর্কতামূলক ব্যবস্থা নিতে শুরু করেছি। রোজ চিড়িয়াখানার সমস্ত পশু-পাখির শরীরের তাপমাত্রা থেকে শুরু করে নানাধরণের শারীরিক পরীক্ষা করা হচ্ছে।
পাশাপাশি, তাদের খাবারের পরিবর্তন আনা হয়েছে। করোনার বাড়তি সতর্কতার জন্য তাদের খাদ্য এই পরিবর্তন আনা হয়েছে বলে জানান আশিষ বাবু। কিন্তু বাঘ সিংহের সঙ্গে দুই মিষ্টি সম্পর্ক কোথায় ? তারা তো মাংসাশী প্রাণী।
উত্তরে আশিষ বাবু জানান পশুদের গায়ের লোম থাকে বলে থার্মাল স্ক্যানিং করা যায় না। বাঘ-সিংহের তাপমাত্রা মাপার থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপা হয়। কিন্তু ডাক্তারের সাজ-সরঞ্জাম ও ডাক্তারবাবুদের দেখলে তেলেবেগুনে জ্বলে ওঠে এরা। তাই এদের মেজাজ ভালো রাখতে এবং মনোসংযোগ অন্যদিকে ঘোরাতে আগে খাঁচায় ঢুকে শিস দিয়ে আদরের নামে তাদের ডাকেন। তারপর ওদের লাল দই আর কড়া পাকের সন্দেশ খাওয়ানো হয়। যা খেয়ে বেশ খুশি হয় বাঘেরা। তারপর একটু ঘুম ঘুম এলে লেজ তুলে মলদ্বারে থার্মোমিটার দিয়ে পরীক্ষা করা হয় তাপমাত্রা।
চিড়িয়াখানা সূত্রে জানা গিয়েছে, করোনার বাড়তি সতর্কতার হিসেবে রোজই পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে চিড়িয়াখানার বাসিন্দাদের। সেই তালিকায় রয়েছে বাঘ, সিংহও। এই মুহূর্তে আলিপুর চিড়িয়াখানায় রয়েছে আটটি রয়্যাল বেঙ্গল টাইগার, দুটি শিশুসহ চারটি সিংহ পরিবার, চারটি শিম্পাঞ্জি, দুটি জাগুয়ার, তিনটি লেপার্ডসহ সব অন্যান্য জীবজন্তু। তাদের খাওয়া-দাওয়া, আচার-আচরণের ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে। আগে কিপাররা কোনও পশু অসুস্থ হল কিনা, কোনও অস্বাভাবিক আচরণ করছে কিনা জানাতো। কিন্তু এখন পশু চিকিৎসকেরা নিয়মিত টহল দিচ্ছেন।'












Click it and Unblock the Notifications