রোগীর দেহে করোনা পজিটিভ, বন্ধ করে দেওয়া হল কলকাতার এক বেসরকারি হাসপাতাল
রোগীর দেহে করোনা পজিটিভ, বন্ধ করে দেওয়া হল কলকাতার এক বেসরকারি হাসপাতাল
করোনা ত্রাসে এবার বন্ধ করে দেওয়া হল কলকাতার এক বেসরকারি হাসপাতাল। জানা গিয়েছে, একবালপুরের এক হাসপাতালে রোগীর শরীরে করোনা পজিটিভ পাওয়া যায়। এরপরই হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

একবালপুরের নেতাজি সুভাষ নার্সিং হোমে গত ৪ মে পা ভাঙা অবস্থায় ভর্তি হন এক মহিলা। তাঁর অস্ত্রপচারের পর মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়ার আগে তাঁর নমুনা পরীক্ষা করা হলে দেখা যায় তিনি করোনা পজিটিভ। যদিও তাঁর মধ্যে কোনও উপসর্গ দেখা যায়নি। এরপর স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনে ওই মহিলা ও হাসপাতালের চিকিৎসক–স্বাস্থ্যমন্ত্রীদের বাড়িতেই কোয়ারান্টাইনে পাঠানো হয়। মহিলার রিপোর্ট স্বাস্থ্য দপ্তরে পাঠানো হয়েছে। হাসপাতালটি জীবাণুমুক্ত করার পরই তা খোলা হবে বলে জানা গিয়েছে।
কলকাতায় এখনও পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন হাজার খানেক মানুষ। মৃত্যুও হয়েছে বেশ কিছুজনের। পুরসভা সূত্রের খবর, কলকাতার ১৪১টি ওয়ার্ডের মধ্যে ১১৩টি ওয়ার্ডে করোনা থাবা বসিয়েছে। সেই সব এলাকায় কড়াকড়ি বাড়িয়ে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ইতিমধ্যেই জানা গিয়েছে যে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনা ছাড়া বাকি জেলাগুলিতে সংক্রমণের হার তুলনামূলকভাবে কম। কলকাতায় নতুন নতুন জায়গায় সংক্রমণের ফলে বাড়ছে নতুন কনটেনমেন্ট জোন।












Click it and Unblock the Notifications