বেলুড়মঠে নরেন্দ্র মোদীর সিএএ নিয়ে বক্তৃতা নিয়ে বিতর্ক জারি
বেলুড়ে রামকৃষ্ণ মিশনে গিয়ে সিএএ নিয়ে মোদীর বক্তৃতা নিয়ে অশন্তোষ রয়েছে রামকৃষ্ণ মিশনেরই একাংশের মধ্যে। এমনটাই জানাচ্ছেন নিজেকে রামকৃষ্ণ মিশনের সদস্য বলে দাবি করা গৌতম রায়।
বেলুড়ে রামকৃষ্ণ মিশনে গিয়ে সিএএ নিয়ে মোদীর বক্তৃতা নিয়ে অশন্তোষ রয়েছে রামকৃষ্ণ মিশনেরই একাংশের মধ্যে। এমনটাই জানাচ্ছেন নিজেকে রামকৃষ্ণ মিশনের সদস্য বলে দাবি করা গৌতম রায়। রবিবার স্বামী বিবেকানন্দের ১৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে বেলুড়মঠে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী। এরপরেই এই বক্তৃতা নিয়ে বিতর্ক শুরু হয়।

বিতর্ক নিয়ে বক্তব্য
এবার এই বিষয়ে গৌতম রায় বলেন, 'আমি দুটি জিনিস স্পষ্ট করতে চাই, রামকৃষ্ণ মিশনের অনেক সরকারি প্রক্রিয়া থাকে। প্রথমত, প্রধানমন্ত্রীর কোনও এক্তিয়ার নেই এভআবে মিশনে এসে রাজনৈতিক বক্তৃতা রাখার। দ্বিতীয়ত আমার মনে হয় গত কয়েক বছর ধরে মিশনকে রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করা হচ্ছে।'

কী বলেন প্রধানমন্ত্রী?
রবিবার বেলুড়মঠে প্রধানমন্ত্রী বলেন, 'দেশে সিএএ নিয়ে যুব সমাজের মনের মধ্যে অবান্তর ও অপ্রাসঙ্গিক প্রশ্ন ভরে দিয়েছে কয়েকজন মানুষ। দেশের যুবসমাজের অনেকেই সিএএ নিয়ে ভ্রমের শিকার হয়েছে। তবে তাদের সেই সন্দেহকে দূর করে এই আইন নিয়ে স্পষ্ট একটি ধারণা তুলে ধরতে হবে। এবং এটা করা আমাদের কর্তব্য। তাই আমি জাতীয় যুব দিবসে ভারত তথা বাংলা তথা উত্তর-পূর্বের যুব সমাজের ভুল ভাঙাতে চাই।'

'যেকোনও ধর্মের লোক ভারতের নাগরিকত্ব পেতে পারে'
এরপর প্রধানমন্ত্রী মোদী বলেন, 'বিদেশ থেকে আসা যেকোনও ধর্মের লোক যারা ভারতে বিশ্বাসী, ভারতের সংবিধানে বিশ্বাসী তাদের ভারত নাগরিকত্ব দেবে। সিএএ নাগরিকত্ব দেওয়ার আইন, নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার না। সিএএ-র দ্বারা আমরা শুধু ভারতের নাগরিকত্ব নেওয়ার বিষয়টি আরও সহজ করে দিয়েছি। এই বিষয়টি কাদের জন্যে সহজ করে দিয়েছি? যারা ধর্মের ভিত্তিতে তৎকালীন পাকিস্তানে অত্যাচারের সম্মুখীন হয়েছে।'

প্রধানমন্ত্রীর বক্তৃতা নিয়ে কোনও মন্তব্য নয় বেলুড়মঠের
এদিকে বেলুড়মঠে সিএএ-র মতো একটি রাজনৈতিক বিষয় নিয়ে প্রধানমন্ত্রী বক্তৃতা দেওয়ার বিষয়ে অবশ্য মুখ খুললেন না বেলুড় মঠের সেক্রেটারি সুবীরানন্দ মহারাজ। অনুষ্ঠান শেষে এই বিষয় তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, 'বেলুড় মঠ দেবোত্তর সেবা করে জীব সেবার মাধ্যমে। ভারতীয় ঐতিহ্যে অতিথি মানেই দেবতা। দেবতার সেবা করাই আমাদের কর্তব্য। তাই কোনও অতিথি এসে বেলুড় মঠে কোনও মন্তব্য করলে তা নিয়ে নিজেদের মত ব্যক্ত করবে না বেলুড় মঠ ৷'












Click it and Unblock the Notifications