ধর্মঘটীদের কোমরে দড়ি! উত্তেজনা আদালত চত্বরে, দেখুন ভিডিও
দক্ষিণ কলকাতার একাধিক জায়গা থেকে গ্রেফতার হওয়া ধর্মঘট সমর্থকদের কোমরে দড়ি দিয়ে আদালতে পেশ করা নিয়ে উত্তেজনা আলিপুর আদালত চত্বরে।
দক্ষিণ কলকাতার একাধিক জায়গা থেকে গ্রেফতার হওয়া ধর্মঘট সমর্থকদের কোমরে দড়ি দিয়ে আদালতে পেশ করা নিয়ে উত্তেজনা আলিপুর আদালত চত্বরে। পুলিশকর্মীদের সঙ্গে সেখানকার আইনজীবী ও বামকর্মীদের বচসা হয়। পরে পুলিশ গ্রেফতার হওয়া ধর্মঘটীদের কোমর থেকে দড়ি খুলে দিতে বাধ্য হয়।

সূত্রের খবর অনুযায়ী, গরফ-যাদবপুর এলাকা থেকে পুলিশ এদিন বেশ কয়েকজনকে গ্রেফতার করে। জামিন অযোগ্য ধারায় ধৃতদের বিরুদ্ধে মামলা করে আলিপুর আদালতে হাজির করানো হয়। দুপুর দুটো নাগাদ প্রিজন ভ্যান থেকে নামানোর সময় দেখা যায় ধৃত রাজনৈতিককর্মীদের কোমরে দড়ি। রাজনৈতিককর্মীদের সঙ্গে আইনজীবীরা এর প্রতিবাদ করেন।
ধৃতদের জন্য জমা হওয়া বাম কর্মীরাও প্রতিবাদ করেন। একটা সময়ে বচসা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। আদালতের নির্দেশকে উপেক্ষা করে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়। পরে কলকাতার পুলিশের তরফ থেকে ধর্মঘটীদের কোমরের দড়ি খুলে দেওয়া হয়।
মানবাধিকার সংগঠন এপিডিআর-এর তরফ থেকেও এই ঘটনার প্রতিবাদ করা হয়েছে। সংগঠনের তরফে রঞ্জিত সূর বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, রাজনৈতিক কর্মী থেকে সমাজবিরোধী কাউকেই কোমরে দড়ি পরানো যায় না। এই ঘটনায় মাবাধিকার লঙ্ঘন করল প্রশাসন।












Click it and Unblock the Notifications