টানা রেকর্ড বৃষ্টিপাত কলকাতায়, পুজোও কি ভাসাবে? জলমগ্ন শহরে আজও বৃষ্টির পূর্বাভাস
একটানা বৃষ্টির জের বিপর্যস্ত হয়ে পড়েছে কলকাতা শহর ও তৎসংলগ্ন এলাকা।এর জেরে পুজোর প্রস্তুতিতেও ভাটা পড়েছে।গতরাতে একটানা পাঁচ ঘণ্টার প্রবল বর্ষণে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে গোটা শহর। সোমবার গভীর রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শহরের সর্বত্রই জলমগ্ন হয়ে পড়ে। শহরের বহু জায়গা হাঁটুসমান জলের নীচে, থমকে গিয়েছে যান চলাচল।
মহানগরের রাস্তাঘাট, বাজার, অফিসপাড়া থেকে শুরু করে বহু আবাসিক এলাকা এখন জলমগ্ন। এমনকি শহরতলির বিস্তীর্ণ অঞ্চলও এই টানা বৃষ্টিপাতের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিও ও ছবি থেকে দেখা গিয়েছে পথে জল ঢুকে পড়ার পাশাপাশি বাড়ি ও আবাসনেও জল ঢুকে পড়েছে।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী,উত্তর পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ উত্তর পশ্চিম দিকে সরে যাবে পাশাপাশি এর জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে এছাড়াও কিছু স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলায় বুধবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই কলকাতায় প্রায় একমাসের গড় বৃষ্টির সমান জল নেমেছে। এরফলে একাধিক জায়গায় নিকাশি ব্যবস্থা ভেঙে পড়েছে। রাস্তায় হাঁটু সমান জল জমে থাকায় যান চলাচল ব্যাহত হয়েছে। বাস,ট্যাক্সি, অটো, টোটো থেকে শুরু করে বিভিন্ন যানবাহন দীর্ঘক্ষণ ধরে জ্যামে আটকে পড়েছে। অফিসযাত্রী সহ নিত্যযাত্রীদের ভোগান্তির অন্ত নেই। স্কুল কলেজের ছাত্রছাত্রীদেওর যাতায়াতে সমস্যা তৈরি হয়েছে।
ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিকে উচু সতর্কতায় রাখা হয়েছে। বুধবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন শহরে রেকর্ড বৃষ্টিপাত নথিভুক্ত হয়েছে। কলকাতা পুরসভার তথ্য অনুযায়ী, গড়িয়া কামডাহরিতে কয়েক ঘণ্টার মধ্যেই ৩৩২ মিমি বৃষ্টি হয়েছে। পাশাপাশি যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালিঘাটে ২৮০ মিমি, তপসিয়ায় ২৭৫ মিমি, বালিগঞ্জে ২৬৪ মিমি ও উত্তর কলকাতার থানতনিয়ায় ১৯৫ মিমি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে সেপ্টেম্বরের ২৫ তারিখ নাগাদ পূর্ব মধ্য ও উত্তর বঙ্গোপসাগরে অপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বৃষ্টির ধারা দীর্ঘায়িত হবে এবং দুর্গাপূজার উৎসবে আরও সমস্যা ঘটতে পারে
মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়েছে, পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা এবং বিপর্যয় মোকাবিলা দপ্তরের বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। তবে এই বৃষ্টির কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার দিনভর বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে। নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর ফলে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টির প্রভাব অব্যাহত থাকবে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
চিকিৎসকরা সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে বেরোতে বারণ করছেন। জলমগ্ন এলাকায় সংক্রমণের ঝুঁকি থাকায় সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
সব মিলিয়ে, ক্ষণিকের প্রবল বর্ষণে জলমগ্ন হয়ে পড়ে শহর কলকাতা। আবারও নগর পরিকল্পনা ও নিকাশি ব্যবস্থাকে প্রশ্নের মুখে এনে দিয়েছে। এখন দেখার বিষয় এদিনের এই বৃষ্টিপাত কতটা প্রভাব ফেলে পাশাপাশি প্রশাসন কীভাবে পরিস্থিতি সামাল দেয় সেদিকেই তাকিয়ে সকলে।












Click it and Unblock the Notifications