পঞ্চায়েত ভোটে তৃণমূল 'সঙ্গ'! সিংভিকে ঘিরে বিক্ষোভ কংগ্রেস কর্মীদের
রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভির বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। শনিবার কলকাতা থেকে দিল্লি ফেরত যাওয়ার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সমর্থকরা।
রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচিত কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভির বিরুদ্ধে পথে নামল কংগ্রেস। শনিবার কলকাতা থেকে দিল্লি ফেরত যাওয়ার সময় তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান কংগ্রেসের কর্মী-সমর্থকরা। কালো পতাকাও দেখানো হয় তাঁকে।

তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রীর উৎসাহে এবং কংগ্রেস হাইকমান্ডের ইচ্ছায় পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় প্রার্থী হয়েছিলেন গান্ধী পরিবার ঘনিষ্ঠ নেতা অভিষেক মনু সিংভি। প্রত্যাশা মতো জিতেও যান তিনি। বিষয়টি নিয়ে প্রদেশ নেতৃত্ব অসন্তুষ্টও ছিল। এই পর্যন্ত ঠিক ছিল সবই। কিন্তু সেই অভিষেক মনু সিংভি যখন পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যের তৃণমূল সরকারের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করছেন, তখনই ধৈর্যের বাধ ভাঙে প্রদেশ নেতৃত্বের। প্রদেশ কংগ্রেস সভাপতি বিষয়টি নিয়ে নিজের তথা রাজ্য কংগ্রেসের আপত্তির কথা লিখিতভাবে জানিয়েছেন কংগ্রেস সভাপতিকে।
তৃণমূল যখন কংগ্রেস-সহ রাজ্যে বিরোধীদের মনোনয়ন পেশে বাধা দিচ্ছে, তখন সেই তৃণমূল সরকারের হয়েই সেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের হয়ে সওয়াল করছেন অভিষেক মনু সিংভি। এতেই আপত্তি প্রদেশ কংগ্রেসের। বিষয়টি নিয়ে কংগ্রেস সভাপতির কাছে তাঁর আপত্তির কথা আগেই জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। এবার তাঁর বিরুদ্ধে সরাসরি ময়দানে নেমে পড়ল দল।
যদিও বিষয়টি নিয়ে সাফাই দিয়েছেন অভিষেক মনু সিংভি। তিনি বলেছেন, মামলাটি করেছিল বিজেপি। সেই জন্যই মামলা লড়েছিলেন তিনি।
শনিবার কলকাতার টলি ক্লাবে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন রাজ্য থেকে নির্বাচিত কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি। সেই সময় বিক্ষোভ দেখায় দক্ষিণ ও উত্তর কলকাতার কংগ্রেস কর্মীরা। ঘটনায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে রিজেন্ট পার্ক থানার পুলিশ।
এর আগেও অবশ্য সারদা কাণ্ড নিয়ে শাসকদলের পক্ষে সুপ্রিম কোর্টে সওয়াল করার পরেই অভিষেক মনু সিংভিকে বয়কট করার কথা জানিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এবং বিরোধী দলনেতা আব্দুল মান্নান।












Click it and Unblock the Notifications