কলকাতার পুরভোট নিয়ে প্রাথমিক আলোচনা, ঘরোয়া বৈঠকে আসন সংখ্যা জানাল কংগ্রেস নেতৃত্ব
কলকাতার ছোট লালবাড়ির দখল নিতে বামেদের সঙ্গে জোট করেই লড়াই করতে চায় কংগ্রেস। সূত্রের খবর অনুযায়ী এই লড়াইয়ে ৬০ থেকে ৬৪ টি আসনে প্রার্থী দিতে চায় তারা।
কলকাতার ছোট লালবাড়ির দখল নিতে বামেদের সঙ্গে জোট করেই লড়াই করতে চায় কংগ্রেস। সূত্রের খবর অনুযায়ী এই লড়াইয়ে ৬০ থেকে ৬৪ টি আসনে প্রার্থী দিতে চায় তারা। সম্প্রতি বিষয়টি নিয়ে বিধান ভবনে আলোচনা করেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। বেশ কয়েকজন দায়িত্বপ্রাপ্ত নেতা এই বৈঠকে হাজির ছিলেন বলে জানা গিয়েছে। আলোচনায় এসেছে রাজ্যের অন্য পুরসভারগুলির নির্বাচন প্রসঙ্গও।

কলকাতা পুরসভার ভোট নিয়ে আলোচনা কংগ্রেসে
কলকাতা পুরসভার ভোট নিয়ে আলোচনা করেছে প্রদেশ কংগ্রেস। আলোচনায় অন্য পুরসভাগুলির নির্বাচনে জোট নিয়ে আলোচনা হলেও, মনোনিবেশ করা হয়েছে কলকাতা পুরসভা নিয়েই। সূত্রের খবর অনুযায়ী কংগ্রেস এই নির্বাচনে ৬০-৬৪ টি আাসনে প্রার্থী দিতে চায়।

রণনীতি ঠিক হবে বামেদের সঙ্গে আলোচনায়
কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য জানিয়েছেন, আসন সংখ্যা নিয়ে যাই দাবি থাকুক না কেন, রণনীতি ঠিক হবে বামেদের সঙ্গে আলোচনার পরেই। প্রদেশ কংগ্রেস সূত্রে খবর, আগেরবারে আসনগুলি ধরে রেখে, যে আসনগুলিতে তারা দ্বিতীয় স্থানে ছিল সেইগুলিতেও প্রার্থী দিতে চায় তারা।
জানা গিয়েছে, যদি কোনও ওয়ার্ডে বাম-কংগ্রেস কোনও প্রার্থী না পায়, তাহলে সেই ওয়ার্ডে কোনও সামাজিক সংগঠনের অরাজনৈতিক মুখকে প্রার্থী করবে।

অতীত থেকে শিক্ষা নিয়েই জোট
প্রাথমিক আলোচনা বাম ও কংগ্রেস নেতারা বলেছেন, অতীত থেকে শিক্ষা নিয়েই কলকাতা পুরসভার নির্বাচনে জোট করা হবে। ইতি মধ্যে জোট নিয়ে মৌখিক আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।
২০১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্য থেকে একটিও আসন পায়নি বামেরা। কলকাতার নিরিখে দ্বিতীয় স্থানে চলে এসেছে বিজেপি। বামেরা তৃতীয়স্থানে। বাম নেতারা স্বীকার করে নিচ্ছেন, কংগ্রেসের সঙ্গে জোট না হওয়াতেই এই পরিস্থিতি। একই মত কংগ্রেস নেতৃত্বের।

নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের আগেই আসন ভাগাভাগির চেষ্টা
সূত্রের খবর অনুযায়ী সিপিএম নেতৃত্ব চাইছে, কলকাতা নির্বাচনী নির্ঘন্ট প্রকাশের আগেই আসন ভাগাভাগি করে ফেলতে। কংগ্রেসের সঙ্গে সরকারিভাবে আলোচনা শুরু আগে শরিকদের সঙ্গে আলোচনা করে নিচ্ছে সিপিএম।

প্রকাশ হতে পারে যৌথ নির্বাচনী ইস্তেহার
শুধু আসন সমঝোতাই নয়, যৌথ নির্বাচনী ইস্তেহার প্রকাশের বিষয়টিও ভেবে দেখছে বাম-কংগ্রেস নেতৃত্ব। এক্ষেত্রে বাম ও কংগ্রেসের নিজেস্ব ইস্তেহারের সঙ্গে যৌথ ইস্তেহার প্রকাশের বিষয়টি নিয়ে আলোচনা চালানো হবে বলে জানা গিয়েছে।

গত নির্বাচনে সিপিএম প্রার্থী ছিল ১০৬ টি আসনে
২০১৫ সালে কলকাতা পুরসভায় ১৪৪ টি আসনের নির্বাচনে বামফ্রন্ট প্রার্থী দিয়েছিল ১৪৪ টি আসনে। এর মধ্যে সিপিএম প্রার্থী দিয়েছিল ১০৬ টি আসনে। সিপিআই, ফরওয়ার্ডব্লক, আরএসপির প্রার্থী ছিল যথাক্রমে ১৪,১১ ও ১০ টি আসনে।












Click it and Unblock the Notifications