কং-আইএসএফকে নিয়ে বাংলায় জোটে জট! প্রার্থী তালিকা ঘোষণায় দেরিতে সেলিমকেও নিশানা বাম শরিকদের
বাংলায় বিজেপি ২০ জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তৃণমূল ৪২-এ বিয়াল্লিশ জনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। সেই পরিস্থিতিতে বামেরা কোনও প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। যা নিয়ে নেতাদের কটূ কথাও হজম করতে হচ্ছে। কিন্তু বামেরা বিশেষ করে সিপিআইএম এখনও কংগ্রেসের আশায় বসে রয়েছে, এমনটাই অভিযোগ অন্য বাম শরিকদের।
রাজ্যে যখন বামেরা ক্ষমতায় ছিল, সেই সময় তারাই আগে প্রার্থী তালিকা প্রকাশ করত। আগে নাম প্রকাশের একটা সুবিধাও আছে। আগে দেওয়াল দখল করা যায়। কিন্তু এবারের ভোটের মুখে যত দিন যাচ্ছে বামের পিছিয়ে পড়ছে দেওয়াল দখলের খাতায়। সেকথাই এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সামনে তুলে ধরেছেন বাম শরিক নেতারা।

বাম শরিক নেতারা বিশেষ করে সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি নেতারা স্পষ্ট জানিয়েছেন, লোকসভা নির্বাচনে তারা তিনটি করেই আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর থেকে কম কোনও আসনে তাঁরা প্রতিদ্বন্দ্বিতা করবেন না। যা আসন সমঝোতা করতেই হয়, তাহলে তার পুরোটাই করতে হবে বড় শরিক সিপিআইএমকে।
সিপিআই রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ঐতিহাসিকগতভবে তারা ( সিপিআই, ফরওয়ার্ড ব্লক এবং আরএসপি ) গত ৪৭ বছর ধরে তিনটি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করা আসছেন। তার নিচে কোনওভাবেই নামতে পারবেন না তারা।
স্বপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, কংগ্রেস দুই নৌকায় পা দিয়ে চলছে। তারা সিদ্ধান্ত নিতে পারছে না, কোন দিকে থাকবে। আর কয়েক বছরের দল আইএসএফ কোনও সময় সাতটা, কোনও সময় দশটা আবার কোনও সময় পনেরোটি আসনের কথা বলছে। যা কোনওভাবেই দেওয়ার সম্ভব নয়। অন্যদিকে এই দেরির কারণে সব দেওয়াল দখল হয়ে যাচ্ছে। ফলে প্রস্তুতিতেই অসুবিধায় পড়ে যাবেন বামকর্মীরা। বিষয়টি তারা বামফ্রন্ট চেয়ারম্যানের সামনে রেখেছেন বলেও জানিয়েছেন স্বপন বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, একটা সময় সিদ্ধান্ত হয়েছিল কংগ্রেসকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে ফেব্রুয়ারির মধ্যে। কিন্তু মার্চের মাঝামাঝি হয়ে গেলেও তা সম্ভব হয়নি। বাম শরিকদলগুলি বামফ্রন্ট চেয়ারম্যানকে বলেছে, এদিনই কংগ্রেসের সঙ্গে কথা শেষ করতে হবে। তাহলে বামেরা বুধবার থেকেই প্রস্তুতি শুরু করতে পারে।
শরিক দলগুলির সূত্রে ইঙ্গিত করা হয়েছে সিপিআইএম রাজ্য সম্পাদক মহঃ সেলিমের কারণেও প্রার্থী তালিকা ঘোষণায় দেরি হচ্ছে। কারণ তিনি মুর্শিদাবাদ আসন থেকে দাঁড়াতে চান। বিষয়টি নিয়ে কংগ্রেসের সঙ্গেও আলোচনা চলছে। তবে এব্যাপারে চূড়ান্ত কোনও সিদ্ধান্তে আসা যায়নি। এব্যাপারে মহঃ সেলিমেরও কোনও মতামত পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications