দলের উর্ধ্বে সোমনাথ! শেষকৃত্য নিয়ে পরিবারের সিদ্ধান্ত মানবে সিপিএম, জানালেন সূর্যকান্ত
সোমনাথ চট্টোপাধ্যায় দলের উর্ধ্বে। পরিবারের সঙ্গে কথা বলেই শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত নেবে দল।এমনটাই জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রাজনীতিতে তিনি যে ভূমিকা পালন করেছেন তা উল্লেখযোগ্য
সোমনাথ চট্টোপাধ্যায় দলের উর্ধ্বে। পরিবারের সঙ্গে কথা বলেই শেষকৃত্য নিয়ে সিদ্ধান্ত নেবে দল। এমনটাই জানিয়েছেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। রাজনীতিতে তিনি যে ভূমিকা পালন করেছেন তা উল্লেখযোগ্য। যখন গণতন্ত্র আক্রান্ত হওয়ার অভিযোগ উঠেছে, তখনও সেই সব অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়, বলেছেন সূর্যকান্ত মিশ্র।

সোমবার সকালে সোমনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুর খবর পাওয়ার পরেই আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম রাজ্য দফতরে বৈঠকে বসে সিপিএম-এর রাজ্য কমিটি। সূর্যকান্ত মিশ্র ছাড়াও হাজির ছিলেন বাসুদেব আচার্য, শমিক লাহিড়ীর মতো নেতারা।
বৈঠক শেষে সোমনাথ চট্টোপাধ্যায় সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে সূর্যকান্ত মিশ্র বলেন, তিনি দলের উর্ধ্বে।
২০০৮ সালে সংসদের অধ্যক্ষ থাকাকালীন অবস্থায় দলের সঙ্গে মত বিরোধের জেরে সোমনাথ চট্টোপাধ্যায়কে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন সম্পাদক প্রকাশ কারাতের নেতৃত্বাধীন সিপিএম। ২০০৯ সালে অধ্যক্ষের পদ থেকে অবসর নেওয়ার পরও দল তাকে ফিরিয়ে না নিলেও, তিনি দলের বিরুদ্ধে সেরকম কিছু বলেননি। বরং পুরনো দলের বিভিন্ন নেতা যখন তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, তাঁদের নানা উপদেশ দিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়।
সোমনাথ চট্টোপাধ্যায়ের শেষকৃত্য বিষয়ে প্রশ্ন করা হলে, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র বলেন, দলের তরফে মহঃ সেলিম, রবীন দেবরা পরিবারের সঙ্গে কথা বলছেন। সূর্যকান্ত মিশ্র বলেছেন, পরিবারের তরফে যা সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্তের সঙ্গে সহমত হবে সিপিএম। তার আগে অবশ্য সরকার সোমনাথ চট্টোপাধ্যায়ের শেষকৃত্য নিয়ে কী সিদ্ধান্ত নেয়, তাও জেনে নিতে চায় সিপিএম।












Click it and Unblock the Notifications