RG কর কাণ্ডে সিবিআই-কে 'জটিল' উত্তর, কোন কোন প্রশ্নের সামনে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ
আরজি কর কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই দুই দিনে প্রায় ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। রবিরারেও তিনি হাজিরা দিচ্ছেন সিজিও কমপ্লেক্সে। আরজি কর হাসপাতালের চেস্ট মেডিসিনের সেমিনার হলে গত নয় অগাস্ট সকালে চিকিৎসকের রক্তাক্ত দেহ উদ্ধার হয়। তারপর থেকেই পরিস্থিতি উত্তপ্ত।
ইতিমধ্যেই সন্দীপ ঘোষকে নিয়ে নেওয়া রাজ্য সরকারের পদক্ষেপের সমালোচনা করেছে কলকাতা হাইকোর্ট। সন্দীপ ঘোষকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি উঠেছে শাসকের অন্দরমহলে। সূত্রের খবর, সন্দীপ ঘোষকে ইতিমধ্যেই বেশ কিছু কড়া প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, সন্দীপ ঘোষকে সিবিআই যেসব প্রশ্ন করেছে, তার মধ্যে রয়েছে
- পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও হত্যার রাতে তিনি কোথায় ছিলেন। কে তাঁকে প্রথম ঘটনাটি সম্পর্কে জানায় এবং সেই সময় তাঁর তাৎক্ষণিক প্রতিক্রিয়া কী ছিল।
- সিবিআই-এর তরফে আরজি করের প্রাক্তন অধ্যক্ষের প্রতিক্রিয়া সেখানকার চিকিৎসক, ইন্টার্ন ও ডিউটরত নার্সদের প্রতিক্রিয়ার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে।
- সিবিআই আধিকারিকরা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে তাঁর প্রথম প্রতিক্রিয়া সম্পর্কে জিজ্ঞাসাবাদের পাশাপাশি তিনি কাকে পরিবারকে জানাতে নির্দেশ দিয়েছিলেন, কীভাবে তারা পুলিশের সঙ্গে যোগাযোগ করেছিলেন সেই সম্পর্কেও জানতে চায়। পিটিআই-এ প্রকাশিত খবর অনুযায়ী, সিবিআই সূত্রে জানা গিয়েছে, এব্যাপারে সন্দীপ ঘোষের উত্তর ছিল জটিল।
- সিবিআই আধিকারিকের সূত্র উল্লেখ করে পিটিআই জানিয়েছে, সন্দীপ ঘোষকে চেষ্ট মেডিসিনের চিকিৎসকদের সাপ্তাহিক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। সেখানেই প্রকাশ পেয়েছে, মৃত চিকিৎসককে টানা ৪৮ ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়েছে।
সিবিআই-এর পদক্ষেপ
সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই ঘটনায় প্রধান অভিযুক্ত সঞ্জয় রাইয়ের দক্ষিণ কলকাতার ভাড়া বাড়িতে গিয়ে মা-কে জিজ্ঞাসাবাদ করে। তদন্তকারীরা যান ঘটনার পরে চার নম্বর ব্যাটালিয়নের ব্যারাকে, যেখানে প্রধান অভিযুক্ত সেই রাতে ছিল। ইতিমধ্যেই তদন্তকারীরা প্রধান অভিযুক্তের বন্ধু, চিকিৎসক এবং অন্য পুলিশ আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ করেছে।
সিবিআই ইতিমধ্যেই চিকিৎসক, পুলিশ আধিকারিক-সহ জিজ্ঞাসাবাদ করতে যে তালিকা তৈরি করেছে, তার মধ্যে থেকে ২০ জনকে জিজ্ঞাসাবাদ করেছে। পাশাপাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদে অংশ নিতে দিল্লি থেকে দু'জন মনোবিজ্ঞানীকে নিয়ে এসেছে।
কলকাতা পুলিশের পদক্ষেপ
এদিকে শনিবার কলকাতা পুলিশের তরফে আরজি কর হাসপাতাল চত্বরে আগামী ২৪ অগাস্ট পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের এলাকায় থাকা দক্ষিণ ২৪ পরগনার জেলার অংশেও আগামী ২৪ অগাস্ট পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications