Abhishek Banerjee: অভিষেকের ফেসবুক বায়োতে উধাও তৃণমূলের নাম! মেটাকে চিঠি লিখে ‘নালিশ’
Abhishek Banerjee: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক থেকে উধাও হয়ে গেল দলেরই নাম। অভিষেকের অফিশিয়াল ফেসবুক পেজের বায়োতে নেই তৃণমূলের নাম। হাইপার লিঙ্ক করা 'অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস' লেখাটি উধাও হয়ে গিয়েছে। পরিবর্তে শুধু সাংসদ ও সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পরিচয় লেখা ছিল। আর এনিয়েই এবার মেটাকে চিঠি তৃণমূল সাংসদের আইনজীবীর।
২ দিন আগে থেকেই অভিষেকের বায়োতে দলের নাম উধাও হয়ে গিয়েছিল। অবশেষে বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসুর তরফে মেটাকে নোটিস পাঠানো হয়েছে। গুরগাঁওতে মেটার এক্সিকিউটিভ সেন্টাকে গ্রিভ্যান্স অফিসার অমৃতা কৌশিকের উদ্দেশ্যে পাঠানো হয়েছে চিঠি।

সেখানে আইনজীবী সঞ্জয় বসু অভিযোগ করেন, তাঁর মক্কেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজে তথ্য বদল করা হয়েছে। ফেসবুক পেজের অ্যাক্সেস অন্য কারও হাতে চলে গিয়েছে বলে অভিযোগ। অর্থাৎ পেজে হ্যাকারদের গতিবিধি রয়েছে বলে অভিযোগ করেছেন ওই আইনজীবী।
ওই চিঠিতে আরও বলা হয়, অভিষেক ব্যানার্জি অফিশিয়াল এই নামে যে ফেসবুক পেজ রয়েছে, তার মাধ্যমে বিভিন্ন পোস্ট করে ভারতজুড়ে শুভাকাঙ্খী ও অনুগামীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফেসবুক পেজটিতে বর্তমানে প্রায় ২.২ মিলিয়ন ফলোয়ার রয়েছেন। গত ১১ ফেব্রুয়ারি ওই ফেসবুক পেজের বায়োতেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস উধাও হয়ে গিয়েছিল বলে অভিযোগ চিঠিতে।
খবর পেতেই অভিষেক নিজেও চেক করে দেখেন বায়োতে কিছু একটা ভুল হয়েছে। তিনি নিজে এটা কোনওভাবেই করেননি বলেও উল্লেখ করা হয়েছে চিঠিতে। তবে ফেসবুক অ্যাকাউন্টের নিরাপত্তা নিয়ে গুরুতর অভিযোগ এনেছেন অভিষেক। ব্লু টিক ভেরিফায়েড অ্যাকাউন্ট হওয়া সত্ত্বেও ফেসবুক অ্যাকাউন্টে এহেন হস্তক্ষেপ সত্যিই উদ্বেগের বলে চিঠিতে উল্লেখ করা হয়।
ফেসবুক থেকে উধাও হয়ে গেলেও অভিষেকের এক্স হ্যান্ডেলে ছিল তৃণমূলের নাম। বৃহস্পতিবার ফেসবুক বায়োতে দলের নাম ফিরলেও তাতে আগের মতো হাইপার লিঙ্ক নেই। ওই চিঠিতে আগে ও পরের ফেসবুক বায়োর স্ক্রিনশট দিয়ে স্পষ্ট প্রমাণও দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালেও দুটি পোস্ট করা হয় অভিষেকের ফেসবুকে। শেষ পোস্টটি সেবাশ্রয় সংক্রান্ত। তবে মেটা যদি উপযুক্ত ব্যবস্থা না নেয়, তাহলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক।












Click it and Unblock the Notifications