রেড রোডের কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ ৩৯ পড়ুয়া, এসএসকেএমে দেখে এলেন মুখ্যমন্ত্রী
রেড রোডে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ চলাকালীন অসুস্থ হয়ে পড়ল ৩৯ জন পড়ুয়া। এর আগে, সোমবার কুচকাওয়াজের মহড়া চলাকালীনও গরমে কয়েকজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে। সেদিন কয়েকজনকে এসএসকেএম ও কয়েকজনকে মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। আজ গরমে অসুস্থ হওয়া পড়ুয়াদের নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী হাসপাতালে গিয়ে অসুস্থ পড়ুয়াদের দেখে এলেন।
হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী জানান, ব্রেকফাস্ট দেওয়া হলেও ডায়েটের জন্যেই হয়তো ওরা খায়নি। প্রোগ্রাম শেষ হওয়ার আগে একটা টেনশন থাকে। তার কারণেই অসুস্থ হয়ে পড়েছিল। ডিহাইড্রেশনের সমস্যা। শাখওয়াত মেমোরিয়ালের ফতেমা নামে একজন বেশি টেনশন করেছিল। তবে অক্সিজেনের মাত্রা ৯৯ ছিল। ওই একজনকেই স্যালাইন দিতে হয়েছে। আমি যখন আসি তখন বেশ অসুস্থ ছিল। ওর মাথায় হাত বুলিয়ে দিই। তবে এখন ও স্থিতিশীল। ওদের মাথার চুল ভিজে ছিল, তাও গার্ডার দিয়ে শক্ত করে বাঁধা। তা খুলে দিয়েছি। পোশাক আলগা করে দিয়েছি। ওদের মিষ্টি, জল খাইয়ে ছবি তুললাম। ভালোবাসা পেতেই সকলে সুস্থ হয়ে উঠেছে।

মুখ্যমন্ত্রী জানান, লাঞ্চের পরেই সুস্থ হয়ে যাওয়া পড়ুয়াদের ছেড়ে দেওয়া হবে। চিকিৎসক, নার্স সকলেই ওদের যত্ন নিয়েছেন। পুলিশ রয়েছে কো-অর্ডিনেশনের জন্য। শাখওয়াত, ভবানীপুর গার্লসের পাশাপাশি মালদহ রামকৃষ্ণ মিশন, আলিপুরদুয়ারের পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ে। কিছুটা সাইকোলজিক্যাল ব্যাপার আছে। একজনকে অসুস্থ হতে দেখে সলিডারিটির মতো আরেকজন অসুস্থ বোধ করেছে। তবে ওদের দেখে এলাম। টিচাররা রয়েছেন। আমি নিজে এতো মার খেয়ে এতবার হাসপাতালে ভর্তি হয়েছি, ফলে চিকিৎসার কাজে যত্ন নিতে ভালোই লাগে। চিকিৎসকরা জানান, সকলেই পর্যবেক্ষণে আছে। পরিস্থিতি অনুযায়ী তাদের হাসপাতাল থেকে ছাড়া হবে।












Click it and Unblock the Notifications