শহিদ জওয়ানদের শ্রদ্ধা জানাতে রাস্তায় মমতা! সবাইকে এক হয়ে লড়াইয়ের ডাক
পুলওয়ামার শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার মোমবাতি মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পুলওয়ামার শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে শনিবার মোমবাতি মিছিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪ টেয় হাজরা থেকে শুরু হয় মিছিল। হাজরা থেকে মিছিল যায় ধর্মতলায় গান্ধী মূর্তি পর্যন্ত। মিছিলের সামনে থাকা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অন্য নেতা ও সাধারণ মানুষের মুখে ছিল কালো কাপড়।

প্রতিবাদে রাস্তায় মমতা
এবার পুলওয়ামার শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে পথে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে
ক্ষোভ উগরে দিয়েছিলেন। হামলার জন্য নিরাপত্তায় গাফিলতির পাশাপাশি গোয়েন্দা ব্যর্থতারও অভিযোগ করেছিলেন তিনি। এদিনের মিছিল থেকে কোনও রাজনৈতিক বক্তব্য রাখেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মিছিল শেষে জাতীয় সঙ্গীত
এদিন মিছিল শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ছিলেন মুখ্যমন্ত্রী-সহ মন্ত্রিসভার অন্যমন্ত্রীরা। গাওয়া হয় আগুনের পরশমনি গানটিও। মুখ্যমন্ত্রী বলেন, তারা শহিদ জওয়ানদের পাশে রয়েছেন। দুঘন্টার নোটিশে এই মিছিল হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

রবিবার শান্তি মিছিল
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রবিবার শান্তি মিছিল হবে ব্লকে ব্লকে। দুপুর দুটো থেকে তিনটে হবে এই মিছিল। মাধ্যমিক পরীক্ষা থাকায় মিছিলে মৌনতা অবলম্বন করা হবে। মুখ্যমন্ত্রী বলেন সন্ত্রাসের কোনও ধর্ম হয় না। সবাইকে এক হয়ে লড়াই করার ডাক দিয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications