আবারও মন্ত্রিসভার রদবদল করলেন মমতা, কার গুরুত্ব বাড়ল, কে গুরুত্ব হারালেন
সোমবার নবান্নে বিভিন্ন দফতরের কাজের খতিয়ান নিয়ে পর্যালোচনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি কিছু দফতরের পারফরম্যান্স নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। তার নিরিখেই রদবদল হল এদিন।
ফের রাজ্য মন্ত্রিসভার রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়সড় পরিবর্তনের ইঙ্গিত আগেই দিয়েছিলেন তিনি। সেইমতোই এদিন কারিগরি শিক্ষা দফতর থেকে সরিয়ে দেওয়া হল মন্ত্রী অসীমা পাত্রকে। এদিন মোট তিনটি দফতরের মন্ত্রীর দায়িত্ব রদবদল করা হল। অসীমা পাত্রের জায়গায় আনা হল কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুকে। আর পূর্ণেন্দু বসুর স্থলাভিষিক্ত হলেন আশিস বন্দ্যোপাধ্যায়।
সোমবার নবান্নে বিভিন্ন দফতরের কাজের খতিয়ান নিয়ে পর্যালোচনায় বসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকেই তিনি কিছু দফতরের পারফরম্যান্স নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন। এবং দফতরগুলি মমতা বন্দ্যোপাধ্যায়ের মার্কশিটে খুব কম নম্বর পেয়েছিল। কারিগরি শিক্ষা দফতর তো ১০০-র মধ্যে মোটে ১৫ নম্বর পায়।

এবার মন্ত্রিসভার রদবদলে সেই মার্কশিটেরই প্রতিফলন ঘটল। কারিগরি শিক্ষা দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল অসীমা পাত্রকে। এই দফতর যেহেতু কাজের নিরিখে পিছিয়ে রয়েছে, এই দফতরকে উপরের সারিতে তুলে ধরতে গুরুদায়িত্ব দেওয়া হল পূ্র্ণেন্দু বসুকে। পূর্ণেন্দুবাবু কৃষিমন্ত্রী ছিলেন। এবার থেকে এই মন্ত্রক সামলাবেন আশিস বন্দ্যোপাধ্যায়।
সামগ্রিক বিচারে গুরুত্ব বাড়ল বীরভূমের রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের। তিনি পরিসংখ্যার ও পরিকল্পনা রূপায়নের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ দফতর থেকে এলেন অধিকতর গুরুত্বপূর্ণ কৃষি দফতরে। সেই নিরিখে অধিকরতর কম গুরুত্বপূর্ণ দফতরে গেলেন পূর্ণেন্দুবাবু। তবু তাঁকে বিশেষ দায়িত্ব দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
আর হুগলির ধনেখালির বিধায়ক অসীমা পাত্রকে ওই দফতর থেকে অব্যহতি দিয়ে ভূমি ও ভূমি সংস্কার দফতরের প্রতিমন্ত্রী পদে রেখে দেওয়া হয়েছে। সেইসঙ্গে পরিসংখ্যান ও পরিকল্পনা রূপায়ণ দফতরের দায়িত্বও তাঁকে দেওয়া হয়েছে।
রাজনৈতিক মহলের ব্যাখ্যা কারিগরি শিক্ষা দফতর কর্মসংস্থান বাড়াতে ব্যর্থ। এই দফতরের কাজ নিয়ে বেশ কিছুদিন ধরেই অখুশি ছিলেন তিনি। তাই এই দফতরে যে রদবদল করা হবে, তা একপ্রকার সুনিশ্চিত ছিলই। তবে কৃষি দফতরে পূর্ণেন্দু বসুর কাজে মমতা বন্দ্যোপাধ্যায় খুশিই ছিলেন। কারিগরি শিক্ষা দফতরের কাজে গতি আনতেই পূর্ণেন্দুবাবুকে দায়িত্ব দেওয়া হয়। তবে আবারও মন্ত্রিসভার রদবদলেও দফতরহীন রয়ে গেলেন মন্ত্রী অবনী জোয়ারদার।












Click it and Unblock the Notifications