বাংলায় বিনিয়োগ করলে সব সাহায্য করব, ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস উদ্বোধনে বিরাট বার্তা মমতার
তথ্য প্রযুক্তি ক্ষেত্রে নতুন দিশা বাংলায়। বুধবার ঘটা করে উদ্বোধন হয়ে গেল বিশ্ব বিখ্যাত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাসের। নিউটনের হাতিশালায় নির্মিত হয়েছে এই বিরাট ক্যাম্পাস। বুধবার বিকেলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন তথ্যপ্রযুক্তি সংস্থা ইনফোসিসের এই নতুন ভবনটি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে বাংলার বুকে বিনিয়োগ এবং কর্মসংস্থান নিয়ে বড় বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'বাংলায় বিনিয়োগ করুন কথা দিচ্ছি রাজ্য সরকার সব রকম সাহায্য করবে' মঞ্চে ভাষণ দিতে গিয়ে বলেন মুখ্যমন্ত্রী। এছাড়াও রাজ্যে বড় বিনিয়োগ হলে বাংলার সম্ভাবনাময় যুবসমাজের বিরাট কর্মসংস্থান হবে বলেও আশাবাদী মুখ্যমন্ত্রী।\

পাশাপাশি এই দিনে মুখ্যমন্ত্রী বলেন, 'শুধু ইনফোসিস নয় বাংলার জন্য এটি ঐতিহাসিক একটি দিন। বাংলায় মেধা আছে। ভারতের মধ্যে আমরা এক নম্বরে রয়েছি। বাংলার ছেলেমেয়েরা গোটা বিশ্বে নানা সেক্টরে কাজ করছেন। এটি অত্যন্ত আনন্দের বিষয়, এই এলাকায় অন্তত ৪৫ হাজার ইঞ্জিনিয়র প্রবেশ করেছেন এবং যাদের মধ্যে বেশিরভাগ কম্পিউটার ইঞ্জিনিয়র।' সেইসঙ্গে দ্রুতগতির ইন্টারনেট পরিষেবার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, আগে এত সুযোগ ছিল না, কিন্তু এখন অনেক সুযোগ হয়েছে। বাংলা দেশের অন্যতম সেরা আইটি কেন্দ্র হয়ে উঠেছে।
উল্লেখ্য, নিউটনের অ্যাকশন থ্রি এলাকার হাতিশালায় নারায়ণ মুর্তির কোম্পানি ইনফোসিসকে ৫০ একর জমি দিয়েছে রাজ্য সরকার। আর তারই মধ্যে ১৭ একর জমি নিয়ে তৈরি করা হল এই তথ্যপ্রযুক্তি সংস্থার দ্বিতীয় ক্যাম্পাসটি। এই নতুন ভবন উদ্বোধনের ফলে প্রায় চার হাজার যুবক যুবতী তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি পাবে বলে জানানো হয়েছে সংস্থা সূত্রে। এছাড়াও আগামীতে ভবন সম্প্রসারণ হলে সেক্ষেত্রে কর্মসংস্থান আরও বাড়বে বলে জানানো হয়েছে। তবে সব থেকে বড় কথা, দ্বিতীয় ক্যাম্পাসের বাইরে বাংলায় সংস্থার নাম লেখা হয়েছে। আর যা বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications