সন্দেশখালি কাণ্ডে মমতার নিশানায় আরএসএস! অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার আশ্বাস মমতার
সন্দেশখালিতে অশান্তির ঘটনায় আরএসএসকে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বাজেট নিয়ে বলতে গিয়ে অভিযোগ করেন, বিজেপির লক্ষ্য ছিল তৃণমূল নেতা। তিনি বলেছেন, এখনও পর্যন্ত সতেরোজনকে গ্রেফতার করেছে পুলিশ। সরকার মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী এদিন বিধানসভায় বলেছেন, সন্দেশখালির পরিস্থিতি খতিয়ে দেখেছি। তিনি কোনও অন্যায়কে প্রশ্রয় দেন না দাবি করে মুখ্যমন্ত্রী বলেছেন, কোনও অন্যায়ের সঙ্গে জড়িত কাউকেই রেহাই দেওয়া হবে না। দলের নেতা শেখ শাহজাহানের নাম উল্লেখ না করে তিনি দাবি করেন, বিজেপির টার্গেট ছিল তৃণমূল কংগ্রেসের একজন নেতা। প্রথমে ইতিকে পাঠিয়ে তারপর গণ্ডগোল করেছে।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, বাইরে থেকে লোক এনে অশান্তি পাকিয়েছে বিজেপি। তাঁর অভিযোগ আদিবাসীদের মধ্যে ঝামেলা বাধিয়েছে বিজেপি। সন্দেশখালিতে আরএসএসের ক্যাম্প রয়েছে জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আগেও সেখানে অশান্তি হয়েছে। তিনি বলেছেন, রাজ্য মহিলা কমিশন সেখানে গিয়েছে। সন্দেশখালি নিয়ে পুলিশের একটি দল গঠন করা হয়েছে।
সন্দেশখালি নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করে এদিন বিজেপি বিধায়করা এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেন। তার বেশ কয়েকঘন্টা পরে মুখ্যমন্ত্রী বিধানসভার দ্বিতীয়ার্ধে সন্দেশখালি নিয়ে বিবৃতি দেন। বিজেপি বিধায়করা অভিযোগ করেছেন, তৃণমূলের স্থানীয় নেতারা এলাকার বাসিন্দাদের ওপরে অত্যাচার করেছে। সেই সময় মুখ্যমন্ত্রী বিধানসভায় উপস্থিত ছিলেন না।
এর আগে অবশ্য সোমবার সন্দেশখালি কাণ্ডে প্রথমবারের জন্য মুখ খুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, যাঁদের বিরুদ্ধে অভিযোগ, তাঁদেরকেই গ্রেফতার করা হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ওখানে যতদূর সম্ভব যাঁদের বিরুদ্ধে ক্ষোভ, যাঁরা হিংসা ছড়িয়েছেন, তাঁদের সবাইকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজ্যপালের সন্দেশখালি সফরকে স্বাগত জানিয়েছিলেন। সেদিন তিনি রাজ্য মহিলা কমিশনকে সন্দেশখালিতে পাঠানোর কথা জানিয়েছিলেন।
প্রসঙ্গত সোমবার সন্দেশখালি ইস্যুতে প্রতিবাদের জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ ছয় বিজেপি বিধায়ককে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়। অন্যদিকে শেখ শাহজাহান ও তাঁর অনুগামীদের গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার টানা অষ্টম দিন সন্দেশখালিতে বিক্ষোভ অব্যাহত রয়েছে। শেখ শাহজাহান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে এলাকায় জোর করে জমি ধখল এবং মহিলাদের নির্যাতনের অভিযোগ উঠেছে।
গত পাঁচ জানুয়ারি সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে ইডির অভিযানের দিন থেকে তৃণমূল নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। ওইদিন সন্দেশখালিতে ইডির আধিকারিক এবং সংবাদ মাধ্যমের ওপরে হামলা হয়।












Click it and Unblock the Notifications