কলকাতায় বৃষ্টির পর মৃতদের পরিবারের কয়েকজনের সঙ্গে কথা মুখ্যমন্ত্রী মমতার, দিলেন আশ্বাস
মঙ্গলবার প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত অবস্থা হয়ে যায় শহর কলকাতার। মোট দশ জনের প্রাণ গিয়েছে বলে খবর। এদিন বুধবার সকালে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে মেয়র ফিরহাদ হাকিম দুজন মৃত ব্যক্তির বাড়িতে যান। সেখানেই তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁদের কথা বলার ব্যবস্থা করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে মৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। সোমবার রাতে ভারী বৃষ্টিতে যাদবপুর, পার্কসার্কাস, তারাতলা, একবালপুর, ভবানীপুর-সহ কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। এছাড়াও উত্তর ও মধ্য কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে জল দাঁড়িয়ে যায়।

বুধবার সকালে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম প্রথমে মোমিনপুরের মৃত জিতেন্দ্র সিংয়ের বাড়িতে যান। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর তিনি ঠাকুরপুকুরে মৃত শুভ প্রামাণিকের পরিবারের সঙ্গেও দেখা করেন। উভয় পরিবারের সঙ্গেই তিনি মুখ্যমন্ত্রীর ফোনে কথা বলার ব্যবস্থা করেন।
মমতা বন্দ্যোপাধ্যায় শোকস্তব্ধ পরিবারগুলিকে সমবেদনা জানান এবং তাঁদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আশ্বাস দেন। এই মৃত্যুর ঘটনায় মঙ্গলবারই মুখ্যমন্ত্রী সিইএসসি-র তীব্র সমালোচনা করেছিলেন। তিনি দাবি করেন, সিইএসসি-র উদাসীনতার কারণেই এই প্রাণহানি ঘটেছে।
মুখ্যমন্ত্রী বলেন, "সিইএসসি-র উচিত মৃতদের পরিবারের একজনকে চাকরি দেওয়া। তারা এখানে ব্যবসা করছে, কিন্তু আধুনিকীকরণের কাজ করছে না। এই কথা বলতে বলতে আমার মুখ ব্যথা হয়ে গিয়েছে।"












Click it and Unblock the Notifications