বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটি, আত্মঘাতী ছাত্রী
স্কুলে টিফিন নিয়ে বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটির জেরে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। সোমবার রাতে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
কলকাতা, ১৮ এপ্রিল : স্কুলে টিফিন নিয়ে বান্ধবীর সঙ্গে কথা কাটাকাটির জেরে আত্মঘাতী হল ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী। সোমবার রাতে বাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় বেহালার এ কে পাল রোড এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। রাত ন'টা নাগাদ খাওয়ার জন্য মা ডাকতে গিয়ে দেখেন সিলিং ফ্যান থেকে ঝুলছে মেয়ের দেহ।

পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম শ্রেষ্ঠা দে। বয়স মাত্র ১১ বছর। শ্রেষ্ঠাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। দেহ ময়না তদন্তে পাঠিয়েছে পুলিশ। ছাত্রীর মৃত্যুতে সবার মধ্যেই এই প্রশ্নটাই বারবার উঠছে- কী এমন হল যে আত্মঘাতী হতে হল ১১ বছরের ছাত্রীকে? সব জিজ্ঞাসার উত্তর দিয়ে গিয়েছে ওই ছাত্রীই। খাটের উপর থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। তাতেই লেখা তার মৃত্যুর কারণ। প্রত্যেকের জন্য লেখা তাঁর শেষ বার্তা।
সুইসাইড নোটে বান্ধবীর উদ্দেশে স্পষ্ট লেখা, 'তুই এই ধরনের ব্যবহার করে ভালো করলি না।' বাবা-মায়ের উদ্দেশে সে লিখে গিয়েছে, 'তোমরা ভালো থেকো। দিদিকে লিখেছে, 'তোর বিয়ে ভালো ভাবে হোক। আমি ওপর থেকে সব দেখবো।' স্কুলে টিফিন নিয়ে দুই বান্ধবীর মধ্যে বচসা হয়েছিল। তার জেরেই এই মৃত্যুর ঘটনা। পর্ণশ্রী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে অন্যান্য কারণও।












Click it and Unblock the Notifications