ডাম্পিং গ্রাউন্ড তৈরি নিয়ে কল্যাণীতে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, গ্রেফতার বিজেপি বিধায়ক
ডাম্পিং গ্রাউন্ড তৈরি করা নিয়ে অশান্তি। তার জেরে রণক্ষেত্রের চেহারা নিল কল্যাণীর কাছারিপাড়া এলাকা। পুলিশের সঙ্গে বিবাদ। পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি চলল। এক সময় পুলিশকে লাঠিচার্জ করতে হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেলও ফাটাতে হয়।
ঘটনায় বিজেপি বিধায়ক অম্বিকা রায় সহ একাধিক দলীয় কর্মী - সমর্থককে আটক করা হয়েছে। তাই নিয়ে রাজনৈতিক রঙও লেগেছে। এদিন সকাল থেকেই এলাকায় উত্তেজনা বাড়ছিল। বেলা বাড়তেই অশান্তি দানা বাধে। কল্যাণীর ৮ নম্বর ওয়ার্ডের কাছাড়িপাড়া এলাকা। ওই এলাকায় পুরসভার ১০.২৪ একর জমি আছে। সেখানে ডাম্পিং গ্রাউন্ড হবে৷ তাও পুরসভার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার থেকে ওই জমিতে পাঁচিল তোলার কাজ শুরু হয়৷ তখন থেকেই সাধারণ মানুষদের একটা অংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছিল৷ ডাম্পিং গ্রাউন্ড হলে এলাকায় টেকা দায় হবে। পরিবেশের ক্ষতি হবে। এই আওয়াজও উঠছিল। বৃহস্পতিবার কাজ শুরু হতেই উত্তেজনা ছড়ায়। সাধারণ বাসিন্দাদের একটা অংশ কাজ বন্ধ করতে বলে।
বিজেপি বিধায়ক অম্বিকা রায় ঘটনাস্থলে হাজির হন। তার সঙ্গে বিজেপির কর্মী, সমর্থকরা ছিল। শুরু হয়ে যায় জোরালো প্রতিবাদ। ওই এলাকায় ডাম্পিং রাউন্ড করা যাবে না। এই দাবি উঠতে থাকে। পুরসভার পক্ষ থেকে পুলিশকে আগেই জানানো হয়েছিল। এদিন সকাল থেকে এলাকায় পুলিশ ছিল।
বিক্ষোভকারীরা কাজ বন্ধের চেষ্টা করে। পুলিশ তাদের বাধা দেয়। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের বিবাদ, বচসা শুরু হয়। এরপরেই শুরু হয়ে যায় খণ্ডযুদ্ধ। পুলিশকে লক্ষ্য করে নাগাড়ে ইঁট ছোঁড়া হতে থাকে। পুলিশ কিছুটা পিছিয়ে এসেছিল। এরপর আরও বাহিনী এসে পৌঁছায়। তারপর শুরু হয় পুলিশের লাঠিচার্জ। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের সেল ফাটানো হয়। পুলিশ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে আনে।
বিজেপি বিধায়ক সহ ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। বাসিন্দাদের একাংশের অভিযোগ, ওই এলাকায় ডাম্পিং গ্রাউন্ড হলে দুর্গন্ধে থাকা দায় হবে। এলাকার পরিবেশের ক্ষতি হওয়ার সম্ভাবনাও রয়েছে।












Click it and Unblock the Notifications