Saraswati Puja Clash: গার্ডেনরিচে মার খেল পুলিশ! জেলায় জেলায় অশান্তি, সরস্বতী বিসর্জনেও বাংলায় সংঘর্ষ
Saraswati Puja Clash: সরস্বতী পুজোকে কেন্দ্র বেনজির ছবি উঠে এসেছে বাংলাজুড়ে। আদালতের নির্দেশে কোথাও সশস্ত্র পুলিশের পাহারায় সরস্বতী পুজো হয়েছে। কোথাও আবার অশান্তি এড়াতে ব়্যাফ নামানো হয়েছে। কোথাও আবার অশান্তি এড়াতে পুজোই হল না। কলকাতা থেকে জেলায় জেলায় এমনই ছবি উঠে এসেছে। আর এবার সরস্বতী পুজোর বিসর্জন শোভাযাত্রায় মার খেল পুলিশ।
খাস কলকাতায় সরস্বতী পুজোর বিসর্জনে গন্ডগোল (Clash) সামাল দিতে গিয়ে মার খেল পুলিশ (Police)। গার্ডেনরিচ থানা (Garden Reach PS) এলাকার পাহাড়পুর রোডের বাঁধাবটতলায় সরস্বতী পুজোর বিসর্জন ঘিরে গন্ডগোলের সূত্রপাত। বুধবার রাতে শোভাযাত্রা করে প্রতিমা নিয়ে যাওয়ার সময় অন্য ক্লাবের সঙ্গে বচসায় জড়ায় গার্ডেনরিচের মেটিয়াবুরুজের শিবনগর ইয়ং স্টার ক্লাবের সদস্যরা।

অভিযোগ, পরিস্থিতি সামাল দিতে গেলে গার্ডেনরিচ থানার সাব ইনস্পেক্টর অরুণ মাইতি ও মহিলা সিভিক ভলান্টিয়ারকে মারধর করা হয়। আহত অবস্থায় তাদের ভর্তি করা হয়েছে এসএসকেএম হাসপাতালে। বাচ্চা থেকে মহিলা সকলে মিলেই গিয়েছিলেন শোভাযাত্রায়। বিচালি ঘাটে বিসর্জনের উদ্দেশ্যে প্রতিমা নিয়ে যাওয়ার সময় গন্ডগোল বাঁধে বলে অভিযোগ।
পুলিশকে মারধরের ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত তিনজন ক্লাবেরই সদস্য বলে জানা গিয়েছে। পুলিশকে মারধর ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। বুধবার রাতেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের বৃহস্পতিবার আদালতে পেশ পুলিশের।
শুধু কলকাতা নয়, সরস্বতী বিসর্জনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকার দুটি ক্লাব। বিবাদে মাথা ফেটে যায় ২ জনের। সংঘর্ষের জেরে জখম হন ৫ জন। আহত ৩ জনকে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি রয়েছেন। রাত ১টা নাগাদ প্রতিমা বিসর্জনের শোভাযাত্রার প্রস্তুতির সময় দাসপাড়া বারোয়ারির সঙ্গে তুফান সংঘের সদস্যদের সংঘর্ষ হয় বলে জানা গিয়েছে। ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি।
প্রসঙ্গত, এবছর সরস্বতী পুজো ঘিরে রাজ্যের একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে সংঘাতের ছবি উঠে এসেছে। কলকাতায় যোগেশ চন্দ্র চৌধুরী কলেজের দুই বিভাগের মধ্যে সংঘাতের খবর শিরোনামে এসেছে। এছাড়াও কোচবিহারের দিনহাটার পিকনিধারা এপি স্কুলে পুজোর আয়োজন না হওয়ায় প্রধান শিক্ষকের ঘরে ঢুকে বিক্ষোভ দেখান অভিভাবক ও গ্রামবাসীরা।
কার্যত একই ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের কাটোয়ায় পারুলিয়া অবৈতনিক প্রাথমিক স্কুলে। বাঁকুড়ার বেলিয়াতোড় ও বিষ্ণুপুরের স্কুলেও সরস্বতী পুজো না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়া অভিভাবকরা। বীরভূমের বোলপুরেও নিম্ন বাঁধগোড়া প্রাথমিক বিদ্যালয়েও অশান্তির খবর উঠে আসে।












Click it and Unblock the Notifications