Netaji Indoor Stadium: মমতার বৈঠকের আগে 'পাস' ইস্যু নিয়ে ধুন্ধুমার, পুলিশের সঙ্গে হাতাহাতি চাকরিহারাদের!
Netaji Indoor Stadium: নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের আগে ধুন্ধুমার পরিস্থিতি। পাস নিয়ে গন্ডগোল। সকাল থেকেই তুমুল উত্তেজনা। পুলিশের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়ালেন চাকরিহারা শিক্ষকরা। টাকার বিনিময়ে পাস বিক্রির অভিযোগ চাকরিহারা শিক্ষকদের। অবৈধভাবে পাস দেওয়া হয়েছে বলে অভিযোগ। চাকরিহারা শিক্ষকদের বিক্ষোভ সামলাতে হিমসিম পুলিশের।
নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে চরমে পৌঁছয় বিক্ষোভ। যোগ্য ও অযোগ্য চাকরিপ্রার্থীদের নিয়ে বিবাদে দফায় দফায় ছড়ায় বিক্ষোভ অশান্তি। পুলিশের সামনেই ধস্তাধস্তি হয়। মারপিটে জড়ায় দুই পক্ষ। পুলিশ নির্বিকার থাকে বলে অভিযোগ। কেউ এসেছেন মালদহ, কেউ পশ্চিম মেদিনীপুর বা উত্তর দিনাজপুর থেকে। ভোরবেলা থেকেই লাইন দেন তারা।

চাকরিহারাদের দাবি, "বেআইনিভাবে পাস বিক্রি হয়েছে। মুখ্যমন্ত্রী বলেননি পাস নিয়ে ঢুকতে হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিভাজন কেন করা হচ্ছে? কেন পুলিশ আটকাচ্ছে?" ওএমআরের কপি সঙ্গে নিয়ে গেটের সামনে বিক্ষোভ। অযোগ্য প্রার্থীরা যে নেতাকে টাকা দিয়েছিলেন, তার বাড়িতে যাক, এমনটাই দাবি যোগ্য প্রার্থীদের একাংশের। তারা বলেন, "রাত ৩টে থেকে এসেছি। পুলিশ বলছে পাস ছাড়া ঢুকতে দেওয়া হবে না। পাস কে ইস্যু করল? কীসের ভিত্তিতে পাস ইস্যু করা হল?"
রোদে পুড়ে লাইনে দাঁড়িয়ে চাকরিহারা শিক্ষকরা। তাদের দাবি, "সকলের বৈঠকে যোগ দেওয়ার অধিকার রয়েছে। কিন্তু শহিদ মিনারে রাতের অন্ধকারে পাস চুরি হয়েছে। দিদি বলেছে ২৬ হাজারই আসতে পারবে বৈঠকে। যোগ্য অযোগ্য তো বিভাজন হয়নি। তাহলে ওএমআর কীসের ভিত্তিতে আসল ধরা হচ্ছে। একজন অযোগ্য ঢুকলে অশান্তি হবে।"
ঘটনাস্থলে পৌঁছন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। পাস নিয়ে সঙ্গত উত্তর দিতে পারেননি তিনিও। পাস কোথা থেকে কারা ইস্যু করল, আদৌও তা বৈধ কি না, তা খতিয়ে দেখবেন বলে জানান তিনি। নেতাজি ইন্ডোরের সামনে কড়া পুলিশি প্রহরা রয়েছে। মোতায়েন করা হয়েছে র্যাফ। রয়েছে কাঁদানে গ্যাস। কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরা ঘটনাস্থলে রয়েছেন। হাওড়া থেকেও পুলিশ বাহিনী আনা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের সঙ্গে কথা বলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। সামনের রাস্তা ফাঁকা করে দেওয়ার অনুরোধ করেন তিনি। পরে পাস দেখে নেতাজি ইন্ডোরের এক নম্বর গেট দিয়ে প্রবেশ করানো হয় চাকরিহারা শিক্ষকদের। এদিকে যাদের পাস নেই তারা পড়েছেন বিড়ম্বনায়। যাঁদের কাছে পাস নেই, তাঁদের শান্ত হয়ে দাঁড়াতে বলা হয়েছে। বিকল্প ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয় পুলিশ।












Click it and Unblock the Notifications