সিভিক ভলেন্টিয়াররা বহাল, হস্তক্ষেপ নয় আদালতের, ডিভিশন বেঞ্চের রায়ে স্বস্তি রাজ্যের
সিভিক ভলেন্টিয়ার নিয়োগে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে রাজ্যে ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলেন্টিয়ারের চাকরি সুরক্ষিত।
কলকাতা, ২৬ এপ্রিল : সিভিক ভলেন্টিয়ার নিয়োগে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের দেওয়া রায় খারিজ করে দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ফলে রাজ্যে ১ লক্ষ ৩০ হাজার সিভিক ভলেন্টিয়ারের চাকরি সুরক্ষিত হল। স্বস্তি পেল রাজ্য। বুধবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে দিয়ে জানায়, এই বিষয়ে আদালতের হস্তক্ষেপের কোনও দরকার নেই।
রাজ্য সরকার ২০১২ সালে রাজ্যের পুলিশ কমিশনারেট ও থানাগুলিতে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। বাঁকু়ড়ার সারেঙ্গা ও বারিকুল থানায় মোট ৫০০১ জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগ হন। কিন্তু ন'জন নিয়োগ না পেয়ে হাইকোর্টে মামলা করেন। তাঁরা জানান, ব্যাপক অনিয়ম হয়েছে এই নিয়োগ প্রক্রিয়ায়।

মামলাকারীদের পক্ষে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য দাবি করেন, নিয়োগ নীতির তোয়াক্কা না করেই এই নিয়োগ হয়েছে। তখন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ইন্টারভিউয়ের নথি খতিয়ে দেখে রাজ্য সরকারের ভর্ৎসনা করেন এবং নিয়োগ খারিজের রায় দেন। রাজ্যের বাকি জায়গা গুলিতেও একইরকম অনিয়ম হয়েছে বলে একটি কমিটি গঠনের নির্দেশও দেন।
রাজ্য সরকরা কোনও কমিটি গঠন না করে রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে মামলা করে। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি নিশীথা মাত্রে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ আগেই জানিয়েছিল, ততদিন না এই মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন নিয়োগ বহাল থাকবে। এদিন সিঙ্গল বেঞ্চের রায় খারিজ করে হস্তক্ষেপ করা যাবে না বলে রায় দিতেই স্বস্তি মিলল রাজ্যের।












Click it and Unblock the Notifications