ভূমিকম্পের পর এবার বিধ্বংসী আগুনে ত্রস্ত কলকাতা
কলকাতা, ২৬ এপ্রিল : একে ভূমিকম্পের ধাক্কা, তার উপরে ফের বড়সড় অগ্নিকাণ্ডের ঘটনায় ত্রস্ত অবস্থা শহর তিলোত্তমার।
এদিন ঘিঞ্জি নিউ মার্কেট চত্ত্বরে সিটি মার্টের দোকানে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৫টি ইঞ্জিন। এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ১১টা ৪৫ মিনিট নাগাদ ওই শপিংমলের চার তলায় আগুন লাগে। সেখানে প্রচুর পরিমাণ পোশাক মজুত করা ছিল। ফলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ছুটির দিন দুপুরে ভিড়ে ঠাসা ছিল শপিং মল। আগুন আতঙ্ক গ্রাস করে শপিংমলের ক্রেতা-কর্মীদের।
দ্রুত ফায়ার অ্যালার্ম বাজিয়ে দোকান খালি করে দেওয়া হয়। দমকল ও পুলিশের পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট দলের সদস্যরা এসে আগুন নেভনোর কাজে লাগেন।
ঘটনাস্থলে পৌঁছে কাজের তদারকি করেন দমকল মন্ত্রী জাভেদ খান এবং মেয়র শোভন চট্টোপাধ্যায়।
প্রসঙ্গত, কয়েকদিন আগেই নব মহাকরণের সাত তলায় আগুন লাগার ঘটনা ঘটে। সেদিন পূর্ত দফতরের লোকেরা না-থাকায় দমকলের কর্মীরা কেউই বুঝতে পারেননি কোথায় জেনারেটর, কী ভাবেই বা নবমহাকরণের ভিতরেই থাকা কুয়ো থেকে জল তুলতে হবে বা সেটার পাম্প কোথায় রয়েছে। আর এসবের ফাঁকেই আগুনের লেলিহান শিখা গ্রাস করে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকারি বাড়িটিকে।












Click it and Unblock the Notifications