নিয়োগ দুর্নীতিতে CID-র অভিযোগ দুই সরকারি সংস্থার বিরুদ্ধে! তালা ঝোলাতে বললেন বিচারপতি
নিয়োগ দুর্নীতি মামলায় সিআইডির তদন্ত নিয়ে বিচারপতি বিশ্বজিৎ বসু অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি সিআইডির উদ্দেশে প্রশ্ন করেছেন, তিনি আদালতে বসবেন, না সিটে যোগদান করবেন? এই মামলায় রাজ্য পুলিশের সিআইডি রাজ্যেরই দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ করেছে। পাশাপাশি মামলার জন্য আরও পনেরোদিন সময় চেয়েছে তারা।
উল্লেখ করা প্রয়োজন, মুর্শিদাবাদের গোথা হাইস্কুলের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে আরও বেশকিছু জায়গায় নিয়োগ দুর্নীতির হদিশ পায় সিআইডি। এক শিক্ষকের নিয়োগ সংক্রান্ত মামলায় কার্যত কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে। কিন্তু এপর্যন্ত এফআইআর-এ নাম থাকা অভিযুক্তরা অধরা বলে অভিযোগ। মঙ্গলবারই এই সংক্রান্ত মামলায় সিআইডি তদন্তে অসন্তোষ প্রকাশ করে ডিআইজি সিআইডিকে তলব করে আদালত।

এপ্রসঙ্গে আদালতের প্রশ্ন, দার্জিলিং-এর নিয়োগ মামলায় আদতে কি তদন্ত করতে পারবে সিআইডি? অভিযোগ জিটিএ এলাকায় অর্থাৎ পাহাড়ে ৩২৩ জন শিক্ষকের নিয়োগে অনিয়ম হয়েছে।
বিচারপতির কাছে ওই মামলা প্রসঙ্গে সরকারি আধিকারিকের চিঠি এসেছে। ওই চিঠিতে ছাত্র নেতা তৃণাঙ্কুর ভট্টাচার্য বিভিন্ন কোম্পানির মালিক বলে অভিযোগ করা হয়েছে। একই সঙ্গে অভিযোগ, বিভিন্ন আর্থিক দুর্নীতির সঙ্গে যুক্ত তাঁর কোম্পানি। এছাড়াও নাম রয়েছে টিএমসিপির সহ সভাপতি প্রান্তিক ভট্টাচার্যের। এই প্রান্তিক ভট্টাচার্য তৃণমূলের যুবনেত্রী রাজন্যা হালদারের স্বামী।
এদিন মামলার শুনানিতে বিচারপতির কাছে সিআইডির আবেদন, আরও ১৫ দিন সময় দিন। মামলায় সিআইডির অভিযোগ, সব সময় স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাচ্ছে না। তার পরেই বিচারপতির মন্তব্য, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তালা মেরে দিন। এরাই তথ্য প্রমাণ নষ্ট করছে।
বিচারপতির মন্তব্য, সিআইডির ওপর তাঁর আস্থা আছে। কিন্তু যদি এফআইআর-এ নাম থাকা অভিযুক্তদের যদি গ্রেফতার করা না হয় তাহলে কি তদন্ত হচ্ছে, প্রশ্ন করেন বিচারপতি। তিনি সিআইডিকে নির্দেশ দিয়ে বলেন, যদি কোন কর্মীর নথি কমিশন বা পর্ষদের কাছ থেকে না পাওয়া যায় তাহলে সরাসরি স্কুলে যান, সেখান থেকে নথি সংগ্রহ করুন। তাঁর প্রশ্ন এটা কি বিরাট কোন কাজ ?
অন্যদিকে, রাজ্যকে উদ্দেশ করে বিচারপতির মন্তব্য, 'যাদের নামs দুর্নীতির অভিযোগ আসছে, তাদের কাছ থেকে বেতন ফেরত নেওয়া যায় কিনা সেটা বিবেচনা করে দেখুন। আগামী সোমবার ফের এই মামলার শুনানি হবে।












Click it and Unblock the Notifications