কংগ্রেসের টিকিটে জিতে তৃণমূলে বায়রন বিশ্বাস! তিনি এসব পছন্দ করেন না, বিস্ফোরক চিরঞ্জিত
বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জেতার তিনমাসের মধ্যে বায়রন বিশ্বাস যোগ দিয়েছেন তৃণমূলে। তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড স্বয়ং তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দিয়েছেন। তৃণমূল পরিষদীয় দলে সংখ্যা বৃদ্ধির এই ঘটনাকেই কিনা পছন্দ করবেন না দলেরই তিনবারের বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী।
এদিন সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছন, একপক্ষের ভোটে জিতে কীভাবে তিনি অন্য দলে চলে গেলেন? এটা উচিত নয়, তিনি এসব পছন্দর করেন না। বায়রন বিশ্বাসের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে এমনটাই বলেছেন বারাসতের তিনবারের তৃণমূল বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী।

যে চিহ্ন দেখে মানুষ ভোট দিয়েছিল, তারই কোনও দাম থাকল না। এটা তো ঠকানো হয়ে গেল। তাঁর নিজের মতে, পরিবর্তন করা যেতে পারে। তার জন্য অন্য ব্যবস্থা রাখা উচিত। এক্ষেত্রে বিধায়ক পদ চলে যাওয়া উচিত বলে মনে করেন তিনি।
চিরঞ্জিত চক্রবর্তী বলেন, অর্জুন সিং-এর ক্ষেত্রে বলেও লাভ হয়নি। যেমন অর্জুন বিজেপি সাংসদ হিসেবে সব সুবিধা নেবে, আর অন্য দল করবে এটা হওয়া উচিত নয়। তার সাংসদ পদ চলে যাওয়া উচিত ছিল। অভিজ্ঞ ব্যক্তিদের এনিয়ে কমিটি তৈরি করা উচিত।
বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, তৃণমূল নেত্রীর নির্দেশেই এই কাজ হয়েছে। রাজ্যে একের পর দলবদলে মদত তিনিই দিয়ে চলেছেন বলে মন্তব্য করেন অধীর চৌধুরী। প্রসঙ্গত অধীর চৌধুরীই বায়রন বিশ্বাসকে সাগরদিঘির প্রার্থী হিসেবে বেছেছিলেন।

এব্যাপারে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ২০১১ থেকে তিনবার জয়ী হয়ে এসেছেন চিরঞ্জিত চক্রবর্তী। আর তৃণমূল সেই সময় থেকেই দলবদলে মদত দিয়েছে। একের পর এক বিধায়ক, জেলা পরিষদ সদস্য, পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিয়েছিলেন, কেন তখন তিনি প্রতিবাদ করেননি। শেষের দিকে মুকুল রায় তৃণমূলে যোগ দিয়েছিলেন, তখনও তিনি কিছু বলেননি।
তিনি আরও বলেন, তৃণমূলের সময় শেষ হয়ে এসেছে বলেই নিজেকে একটু আলাদা করে রাখতে চাইছেন চিরঞ্জিত চক্রবর্তী। না হলে তিনি আগেই সেকথা বলতেন কিংবা তাঁর প্রতিবাদের কথা সামনে আসত বলেও মন্তব্য করেছেন শমীক ভট্টাচার্য।
এব্যাপারে তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেছেন, এটা চিরঞ্জিত চক্রবর্তীর ব্যক্তিগত মত। দলের মত নয়। দলবদল নিয়ে সারা দেশে আইন রয়েছে বলেও মন্তব্য করেন তৃণমূল মুখপাত্র।












Click it and Unblock the Notifications