Howrah Station: প্রথমে নানা অছিলায় আলাপ, তারপর মায়ের কোল থেকে শিশু চুরি! তুমুল আতঙ্ক হাওড়া স্টেশনে
Howrah Station: প্রতিদিন লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় হাওড়া স্টেশনে। ট্রেন ধরে বিভিন্ন গন্তব্যে যান যাত্রীরা। ভিড়ের সুযোগ নিয়ে লুকিয়ে থাকে অপরাধীরাও। আঁটসাঁট নিরাপত্তা সত্ত্বেও ফাঁক গলে অপরাধ চলেই। আর এবার হাওড়া স্টেশনে প্রকাশ্যে শিশু চুরির অভিযোগ। সাড়ে তিন বছরের বাচ্চা মেয়েকে মায়ের থেকে নিয়ে চম্পট দিল এর মহিলা। ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে ইতিমধ্যেই।
হাওড়া স্টেশন থেকে সাড়ে তিন বছরের ওই শিশুকে চুরির ঘটনার তদন্তে নেমেছে হাওড়া রেল পুলিশ। রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বুধবার হাওড়া স্টেশনের পুরোনো কমপ্লেক্সে ঘটনাটি ঘটেছে। সাতসকালেই শিশুকে নিয়ে এক মহিলা পালিয়ে যান বলে অভিযোগ। শিশুকন্যাটির মা তথা অভিযোগকারী মহিলা হুগলি থেকে দক্ষিণ ২৪ পরগনায় যাচ্ছিলেন। বুধবার সকালে হাওড়া থেকে শিয়ালদহ হয়ে লক্ষ্মীকান্তপুরে যাওয়ার কথা ছিল তাঁর।

জানা যায়, দুই শিশুকন্যাকে নিয়ে মঙ্গলবার রাতেই হাওড়া স্টেশনের ভিতরে বসেছিলেন ওই মহিলা। দুই শিশু কন্যার মধ্যে একজনের বয়স ৭ ও অন্যজনের বয়স মাত্র সাড়ে তিন বছর। হুগলিতে বাপের বাড়িতে এসেছিলেন তিনি। ফিরতি পথে মঙ্গলবার রাতেই হাওড়া স্টেশনে পৌঁছন আসেন। রাতটা সেখানে বিশ্রাম নিয়ে সকালে শিয়ালদহ থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরার কথা তাঁর।
অভিযোগ, রাতে অপর এক মহিলা যাত্রী তাঁর সঙ্গে আলাপ জমায়। নানা অছিলায় দুই মেয়ের সঙ্গে খেলাও করেন অজ্ঞাত ওই মহিলা। বুধবার সকালেই ঘটে বিপত্তি। কার্যত বিনিদ্র রাত কাটিয়ে বুধবার সকালে আচ্ছন্ন হয়ে পড়েন অভিযোগকারী মা। আস্তে আস্তে ঘুমিয়ে পড়েন তিনি। আর তখনই ওই অজ্ঞাত মহিলা সাড়ে তিন বছরের ছোট মেয়েটিকে নিয়ে স্টেশন থেকে চম্পট দেন বলে দাবি।
ছোট মেয়েকে হন্যে হয়ে খুঁজে না পেয়ে হাওড়া জিআরপি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মা। ঘটনার তদন্ত শুরু করেছে জিআরপি। হাওড়া স্টেশনের ভিতরে এবং বাইরের সমস্ত সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে অপহরণকারী মহিলাকে সনাক্ত করেন পুলিশ আধিকারিকরা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ওই মহিলা অপহরণকারী এক নম্বর প্লাটফর্মের পাশ দিয়ে সাবওয়ে ধরে হাওড়া স্টেশন লাগোয়া বাসস্ট্যান্ডে যান।
বাসস্ট্যান্ডে যাওয়ার পর মহিলার আর খোঁজ মেলেনি। ওই মহিলার খোঁজে জিআরপির তদন্তকারী দল বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই মহিলা শিশু চুরি চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন। হাওড়া জিআরপি অপহরণের মামলা শুরু করে তদন্ত শুরু করেছে।












Click it and Unblock the Notifications