মুখ্যমন্ত্রী সেনাকে অপমান করেছেন, তোপ দাগল রাজ্য বিজেপি
‘টোলপ্লাজায় থেকে টাকা তুলছে সেনা।’ এই অভিযোগ তুলে ভারতীয় সেনাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিন্দায় মুখর হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়
কলকাতা, ২ ডিসেম্বর : 'টোলপ্লাজায় থেকে টাকা তুলছে সেনা।' এই অভিযোগ তুলে ভারতীয় সেনাকে অপমান করেছেন মুখ্যমন্ত্রী। শুধু সেনা কম্যান্ডাররাই নন, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নিন্দায় মুখর হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ও। শিশু পাচার কাণ্ডে স্বাস্থ্য ভবন অভিযানে নেমে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বললেন, নিজের কালো টাকা বাঁচাতে নোট বাতিলের প্রতিবাদে আন্দোলনে নেমেছিলেন মুখ্যমন্ত্রী। তা জমাতে পারেননি, তাই এখন হতাশ হয়ে এইসব নাটক করছেন।
উল্লেখ্য, গতকাল রাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, রাজ্য সরকারের অনুমোদন ছাড়াই সেনা নামানো হয়েছে রাজ্যে। যা কার্যত জরুরি অবস্থান সামিল। তখনই তিনি অভিযোগ করেন, সেনা জওয়ানরা টোল প্লাজায় তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে টাকা তুলছে। সেই সংক্রান্ত ভিডিও তিনি রাষ্ট্রপতির কাছে প্রেরণ করেন। এ প্রসঙ্গেই বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, ভারতীয় সেনার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ তুলে দেশরক্ষা সেনাবাহিনীকে চরম অপমান করছেন মুখ্যমন্ত্রী।

তাঁর অভিযোগ, রাজ্যের টোলপ্লাজায় সেনাবাহিনী রুটিন চেকিংয়ের কাজ করছে, তাই নিরাপত্তার কারণে নবান্নে পাহারা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। যখন রাজ্যে জঙ্গি-ডেরার ঠিকানা মেলে, জঙ্গি-হামলা ঘটে, খাগড়াগড়-কাণ্ড ঘটে, তখন কেন নবান্নে রাত কাটান না মুখ্যমন্ত্রী। দেশকে নিরাপত্তা দিতে, দেশবাসীকে নিরাপত্তা দিতে যে সেনা জীবন বাজি রেখে কাজ করে চলেছেন, তাঁদের নিয়ে এ ধরনের অভিযোগ তোলার অর্থহীন।
এদিনই শিশু পাচার কাণ্ডে স্বাস্থ্যভবন অভিযানে নামে বিজেপি। সেখানে নারী পাচারের থেকে বেশি সমালোচিত হয় মুখ্যমন্ত্রীর নোট বাতিলের প্রতিবাদে আন্দোলন, তারপর সেনা মোতায়েন নিয়ে মুখ্যমন্ত্রীর অভিযোগের বিষয়টি।
বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, তৃণমূলের কাছে যে কালো টাকা রয়েছে, তা বাঁচাতেই আন্দোলন করছেন তিনি। দেশের আর কোথাও নোট বাতিলের প্রতিবাদ হচ্ছে না। যত সমস্যা আমাদের মুখ্যমন্ত্রীর। তিনি এখন ভারত পরিক্রমা করে বেড়াচ্ছেন। কিন্তু সেই আন্দোলনে সাড়া না পেয়েই এখন আবার অন্য নাটক করতে নেমেছেন। কালো টাকা থেকে নজর ঘোরাতেই মুখ্যমন্ত্রী এইসব নাটকের অবতারণা করছেন।












Click it and Unblock the Notifications