কলকাতার বুকে 'লুঠের টাকার' বৃষ্টি, প্রতিবাদে পুড়ল পার্থ চট্টোপাধ্যায়ের কুশপুতুল
এসএসসি নিয়ে ডামডোল চলছে অনেক দিন ধরেই। নয়া সংযোজন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২১ কোটি ২০ লক্ষ টাকার বেশি অর্থ। ইডি হানা দিয়েনেই টাকা উদ্ধার করে। তাদের সন্দেহ ওই এসএসসি কেলেঙ্কারিই ওই বিপুল পরিমাণ টাকার উৎস। এই ঘটনা নিয়েই রাস্তায় নামল পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদ।

দুর্নীতিগ্রস্ত নেতাদের অবিলম্বে বরখাস্ত করার দাবিতে এবং মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের দাবীতে আজ সোমবার পশ্চিমবঙ্গ রাজ্য ছাত্র পরিষদের সভাপতি সৌরভ প্রসাদের নেতৃত্বে বঞ্চিত হবু শিক্ষকদের বিচার চেয়ে দুপুর ৩টায় কলেজস্ট্রীট চত্ত্বরে এক বিক্ষোভ প্রদর্শন করা হয়। এদিনের এই কর্মসূচীতে রাজ্যের প্রাক্তণ শিক্ষামন্ত্রী তথা বর্তমান শিল্পমন্ত্রী SSC দুর্নীতিতে ইডির হাতে গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে এদিন তার কুশ পুত্তলিকা দাহ করার পাশাপাশি প্রতীকি নকল টাকার বৃষ্টিও করানো হয়।
এই কর্মসূচীর জেরে কলেজস্ট্রীট চত্তরে যানজট সৃষ্টি হয়। ফলে পুলিশের সঙ্গে ছাত্র পরিষদ নেতৃত্ব বচসায় জড়িয়ে পরে। প্রায় ১ঘন্টা অবস্থান চলার পরে অফিস ফিরত নিত্য যাত্রীদের কথা ভেবে অবস্থান বিক্ষোভ তুলে নেওয়া হয়।
এই বিক্ষোভে উপস্থিত ছিলেন, রাজ্য সভাপতি সৌরভ প্রসাদ, কলকাতা জেলা ছাত্র পরিষদের সভাপতি দেবজ্যোতি দাস, নদীয়া জেলা ছাত্র পরিষদ সভাপতি অরিন্দম গোস্বামী, সাধারণ সম্পাদক বিমান মণ্ডল, রাজ্য সম্পাদক অরিজিৎ চক্রবর্তী, শাক্যদীপ বসু , সোস্যাল মিডিয়া চেয়ারম্যান ফারুক আহমেদ সহ ছাত্র পরিষদ কর্মীবৃন্দরা।
এদিকে এদিন এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে ভোরেই এসএসকেএম হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে তাঁকে নিয়ে যাওয়া হবে ভুবনেশ্বর এইমসে।
এসএসকেএমে রেখে মন্ত্রীকে জেরা করা সম্ভব নয়। হাইকোর্টে এই নিয়ে আগেই আবেদন করেছিল ইডি। তারপরেই গতকাল রাতে হাইকোর্টের বিশেষ শুনানিতে নির্দেশ দেওয়া হয় যে ভুবনেশ্বর এইমসে গিয়ে চিকিৎসা করানো হবে পার্থ চট্টোপাধ্যায়ের। তারপরেই সোমবার প্রায় কাকভোরে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় এসএসসি কাণ্ডে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায়কে।
সকাল ৭টা নাগাদ বিমান ছিল তাঁর। সেকারণে ভোর ৬টাতেই এসএসকেএম হাসপাতালে থেকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সোমবার সকাল থেকে শুরু হয় তৎপরতা কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে এসএসকেএম হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। সঙ্গে ছিলেন ইডি আধিকারিকরা। এছাড়াও ছিলেন একজন চিকিৎসক এবং তাঁর আইনজীবী অনিন্দ্য কিশোর রাউত। সকাল ৯টার মধ্যেই তাঁর ভুবনেশ্বর পৌঁছে যাওয়ার কথা।












Click it and Unblock the Notifications