পঞ্চায়েত ভোটের আগে মমতার হাতে মোক্ষম অস্ত্র তুলে দিতে চলেছে বিজেপিই
মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার গ্রামোন্নয়নে একশো দিনের কাজের প্রশংসা করেছেন নিজের সরকারের। এবার রাজ্য সরকারের সাফল্যের কৃতিত্বকে স্বচক্ষে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল।
তৃণমূল সরকারের একশো দিনের প্রকল্প সারা দেশের মধ্যে সেরা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার গ্রামোন্নয়নে একশো দিনের কাজের প্রশংসা করেছেন নিজের সরকারের। এবার রাজ্য সরকারের সাফল্যের কৃতিত্বকে স্বচক্ষে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধিদের একটি দল। তার সঙ্গে থাকছে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা।

মঙ্গলবার শহরে এসে রাজ্যের পাঁচটি জেলা ঘুরে একশো দিনের কাজে রাজ্য কীভাবে সফল হয়েছে তা খতিয়ে দেখে জানার চেষ্টা করবে। মমতা সরকারের ডাকে নয়, অন্তঃরাজ্য 'এক্সচেঞ্জ প্রোগ্রাম'-এর আওতায় এই কাজ করা হচ্ছে।
প্রতিবছর ১-২টি করে রাজ্যকে বেছে নেওয়া হয়। এবছর বেছে নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গকে। কেন্দ্রের নেতৃত্বে মোট দশটি রাজ্য থেকে সরকারি প্রতিনিধিরা আসবেন। এর বেশিরভাগই বিজেপি শাসিত অথবা শরিক হিসাবে রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে। যেমন বিহার, হিমাচলপ্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, কাশ্মীর ইত্যাদি। এছাড়াও তামিলনাড়ু, অন্ধ্র, তেলঙ্গানা, কর্ণাটক ও ওড়িশার প্রতিনিধিরাও থাকবেন।
সরকারি সূত্রে খবর, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার গ্রামে প্রতিনিধিদের নিয়ে যাওয়া হবে। নানা প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে কীভাবে চাষ ও অন্যান্য কাজ করে রাজ্য সাফল্য পেয়েছে তা প্রতিনিধিদের জানানো হবে। সারা দেশে সেই অভিজ্ঞতা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হবে।
এবছরই পঞ্চায়েত ভোট। তার আগে কেন্দ্র ও বিজেপি শাসিত রাজ্যগুলির প্রতিনিধিরা পঞ্চায়েতের কাজের প্রশংসায় তৈরি কাজের সূত্রে এরাজ্যে আসা তৃণমূলের জন্য বড় প্রাপ্তি বলে সরকারিভাবে মনে করা হচ্ছে। এর ফল ভোটের ময়দানে তৃণমূলকে বাড়তি অক্সিজেন যোগাবে বলেও মনে করছে দলীয় নেতৃত্ব।












Click it and Unblock the Notifications