রাহুল সিনহার নিরাপত্তায় সিআরপি মোতায়েন করছে কেন্দ্র
কলকাতা, ১৮ জানুয়ারি: শাসক দলের গুন্ডারা হামলা চালাতে পারে, এই আশঙ্কায় বিজেপি রাজ্য সভাপতি রাহুল সিনহার নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ মোতায়েন করছে কেন্দ্র। তাঁকে 'ওয়াই' ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গে খুব দ্রুত উঠে আসছে বিজেপি। জেলায়-জেলায় তাদের সঙ্গে সংঘর্ষ বাধছে তৃণমূল কংগ্রেসের। আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়াতে দূর-দূরান্তে ছুটে যাচ্ছেন রাহুলবাবু। এই পরিস্থিতিতে চিন্তিত গোয়েন্দারা। আইবি (ইনটেলিজেন্স ব্যুরো) সম্প্রতি কেন্দ্রকে জানিয়েছে, যে কোনও সময় হামলা হতে পারে রাহুল সিনহার ওপর। তাঁকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হতে পারে। শাসক দলের মদতপুষ্ট গুন্ডারা এ কাজ করতে পারে বলে দাবি গোয়েন্দাদের। এই রিপোর্ট পাওয়ার পরই নড়েচড়ে বসে কেন্দ্রীয় সরকার।

সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সিদ্ধান্ত নেন, রাহুল সিনহাকে সিআরপিএফ জওয়ানদের সুরক্ষা বলয়ে রাখা হবে। তিনি 'ওয়াই' ক্যাটেগরির নিরাপত্তা পাবেন।
এদিকে, এই সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস। তাদের বক্তব্য, রাজ্য সরকারের সঙ্গে এ ব্যাপারে আলোচনা করা উচিত ছিল কেন্দ্রের। কিন্তু তারা সেটা না করে যুক্তরাষ্ট্র কাঠামোকে সম্মান করেনি।












Click it and Unblock the Notifications