শঙ্কুদেব পণ্ডাকে ২-৩ দিনের মধ্যে নথি নিয়ে ফের তলব সিবিআইয়ের
কলকাতা, ২ ডিসেম্বর : অবশেষে সিবিআই দফতরে এসে হাজিরা দিলেন সারদা মামলায় নাম উঠে আসা তৃণমূলের সাধারণ সম্পাদক শঙ্কুদেব পণ্ডা।
এদিন সাতসকালেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছে যান শঙ্কুবাবু। সেখানে কিছুক্ষণ অপেক্ষাও করতে হয় তাঁকে। পরে সিবিআই আধিকারিকেরা দীর্ঘক্ষণ জেরা করে আপাতত ছেড়ে দিয়েছেন তাঁকে।

সিবিআইয়ের দাবি, সারদার থেকে মাসে নগদ ষাট থেকে সত্তর হাজার টাকা শঙ্কুবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকত। এছাড়াও অভিযোগ, নানা কারণে বারবার সারদা কর্তা সুদীপ্ত সেনের থেকে টাকা নিয়েছেন শঙ্কুদেব।
সেই ব্যাপারেই শঙ্কুবাবুকে জিজ্ঞাসা করা হয় এদিন। সিবিআই সূত্রে খবর, জেরায় বারবারই তিনি জানিয়েছেন, পারিশ্রমিক হিসাবেই সারদার কাছ থেকে টাকা নিতেন। তবে অন্যভাবে টাকা নেওয়ার কথা তিনি অস্বীকার করেছেন।
শঙ্কুবাবুকে এই মামলায় অন্য লেনদেন সম্পর্কেও প্রশ্ন করা হয়। এমনকী আর কোন কোন প্রভাবশালী এতে জড়িত রয়েছে, সেটা জানতেও সিবিআইয়ের তৎপরতা রয়েছে বলে সূত্রের খবর।
সিবিআইয়ের কাছে শঙ্কুদেব যে দাবিগুলি করেছেন তাতে খুব একটা সন্তুষ্ট নয় সিবিআই। সেই দাবির স্বপক্ষে প্রমাণ নিয়ে আসতে বলে ২-৩ দিনের মধ্যে ফের এই তৃণমূল নেতাকে তলব করেছে সিবিআই।
যে যেভাবে তিনি সারদার কাছ থেকে টাকা পেয়েছেন, ব্যাঙ্কের সেই সমস্ত নথি ও সারদার সঙ্গে চুক্তিপত্র চেয়ে পাঠানো হয়েছে। তবে এদিন এই মামলা সংক্রান্ত কয়েকটি নথি শঙ্কুদেব পণ্ডা সিবিআইয়ের হাতে দিয়েছেন। সেগুলি এর মধ্যেই খতিয়ে দেখা হবে। তারপরেই জেরার গতিপ্রকৃতি ঠিক করবেন গোয়েন্দারা।












Click it and Unblock the Notifications