সারদা-নারদ কাণ্ডের তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক! সকালেই নিজাম প্যালেসে রাকেশ আস্থানা
বুধবার সাত সকালেই তোড়জোড় কলকাতার নিজাম প্যালেসে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা।
বুধবার সাত সকালেই তোড়জোড় কলকাতার নিজাম প্যালেসে। নির্দিষ্ট সময়ের অনেক আগেই সেখানে পৌঁছে গিয়েছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। হাজির তদন্তকারী অফিসাররা। রয়েছেন ল অফিসারও। ডাকা হয়েছে সাতটি চিটফান্ড মামলার সঙ্গে যুক্ত তদন্তকারী অফিসারদের। নিজাম প্যালেসের ১৫ তলার কনফারেন্স হলে শুরু হয়েছে এই বৈঠক।

সারদা-নারদা-রোজভ্যালি মামলা নিয়ে ফের তোড়জোড় সিবিআই-এর। মঙ্গলবার সন্ধেয় কলকাতায় এসেছেন সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর রাকেশ আস্থানা। কথা বলার জন্য তলব করা হয়েছে এই সব প্রতারণা মামলার সঙ্গে যুক্ত তদন্তকারী আধিকারিকদের।
সব মিলিয়ে ২৮ থেকে ৩০ জন আধিকারিক বুধবারের বৈঠকে যোগ দিয়েছেন বলে জানা গিয়েছে। বৈঠকে যোগ দিতে ঢোকার সময় প্রায় প্রত্যেক আধিকারিকের হাতে ছিল ল্যাপটপ এবং ফাইল। কেননা কেস ডায়েরি ও স্ট্যাটাস রিপোর্ট নিয়ে আসতে বলা হয়েছিল তদন্তের দায়িত্বে থাকা অফিসার, জয়েন্ট ডিরেক্টর ও ডিআইজি পদমর্যাদার অফিসারদের।
এদিন বিএসএফ-এর এসকর্ট করা গাড়িতে করে নিজাম প্যালেসে যান সিবিআই-এর স্পেশাল ডিরেক্টর।
মোদী সরকারের চার বছর পূর্তি উৎসব হয়ে গিয়েছে। এখন সামনে লোকসভা নির্বাচন। রাজ্যে শাসকদলের বিরুদ্ধে যেসব মামলা নিয়ে বিরোধীরা শোরগোল তুলেছিলেন, তার মধ্যে সারদা-নারদা-রোজভ্যালি উল্লেখযোগ্য। সেই মামলাগুলি নিয়ে মমতা-মোদীর সমঝোতার অভিযোগ তুলেছিল রাজ্যের বাম-কংগ্রেস। বিজেপির তরফেও মামলাগুলি নিয়ে দিল্লিতে দরবার করা হয়েছিল।
একজন স্পেশাল ডিরেক্টর পর্যায়ের অফিসার এই ধরনের বৈঠক এর আগে করেননি। ফলে এই বৈঠকের গুরুত্ব অপররিসীম।
মঙ্গলবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে গিয়েও বৈঠক করেন রাকেশ আস্থানা।
তৃণমূলের অভিযোগ, সিবিআই কর্তার এই সফর আসলে বিজেপির নির্বাচনী কৌশল।












Click it and Unblock the Notifications