CBI Raid: এবার সিবিআই তল্লাশি পার্থ-ঘনিষ্ঠ কাউন্সিলরের বাড়িতে! তদন্তকারী কেন্দ্রীয় সংস্থা গেল জেলাতেও
CBI Raid: জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলরের বাড়িতে সিবিআই অভিযান। এদিন সকাল সাড়ে আটটা নাগাদ কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে সিবিআই আধিকারিকরা হানা দেন বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতে। তিনি কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।
প্রায় পনেরো মিনিটের কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা পাটুলিতে বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়ির সামনে অপেক্ষা করতে থাকেন। কলিং বেল বাজানোর পরেও কেউ বাড়ির সামনের দরজা খুলে দেননি। কলিং বেল বাজানোর পরে এক বৃদ্ধা উঁকি দিতেই সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসা করেন বাপ্পাদিত্য দাশগুপ্ত বাড়িতে আছেন কিনা।

সেই সময় সেই বৃদ্ধা জানান বাড়িতেই আছে বাপ্পাদিত্য। তিনি গভীর রাতে ফিরেছেন, ঘুমোচ্ছে, কিন্তু তারপরেও বাড়ির দরজা না খোলায় সিবিআই আধিকারিকরা অপেক্ষা করতে থাকেন। মিনিট কুড়ি অপেক্ষা করার পরে বাপ্পাদিত্য দাশগুপ্ত নিজেই নেমে আসেন এবং সিবিআই আধিকারিকদের সামনে হাত জোর করে দাঁড়ান।
এই সময় সিবিআই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য নিজের পরিচয় দিয়ে জানান, তাঁরা বাড়িতে তল্লাশি করতে চান। সেই সময় বাপ্পাদিত্য দাশগুপ্ত তাঁদেরকে বাড়ির ওপরে নিয়ে যান। তবে এই সময়ের মধ্যে সিবিআই আধিকারিকদের সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনী বাপ্পাদিত্যা দাশগুপ্তের পাশের বাড়ির ছাদে উঠে যায়। দীর্ঘক্ষণ দরজা না খোলায় তাদের সন্দেহ হয়েছিল কেউ পাশের বাড়ির ছাদ দিয়ে পালিয়ে যেতে পারেন।
সিবিআই সূত্রে খবর এদিন শুধু কলকাতায় বাপ্পাদিত্য দাশগুপ্তের বাড়িতেই নয়, সারা রাজ্যে অন্তত সাত থেকে আটটি জায়গায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। এর মধ্যে মুর্শিদাবাদ এবং কোচবিহার জেলাও রয়েছে বলে জানা গিয়েছে।
পার্থ চট্টোপাধ্যায় যখন তৃণমূলের মহাসচিব কিংবা রাজ্যে মন্ত্রী, সেই সময় বাপ্পাদিত্য দাশগুপ্তকে তাঁর পাশেই দেখা যেত। প্রায় দেড় বছর আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি এবং গ্রেফতারের পরেও অবশ্য এতদিন বাপ্পাদিত্য দাশগুপ্তকে কোনও তল্লাশি বা জিজ্ঞাসাবাদের মুখে পড়তে দেখা যায়নি।












Click it and Unblock the Notifications